দক্ষিণের নায়িকা রাকুল প্রীত সিং সবসময় ফ্যাশন-সচেতন। পোশাকের ক্ষেত্রে তিনি বেশ খুঁতখুঁতে। ভারতের সবচেয়ে নামকরা ফ্যাশন লেবেল কিংবা ডিজাইনারকে দিয়েই রাকুল তার পোশাক ডিজাইন করেন। 

রাকুলের আসন্ন তেলেগু সিনেমা কোনডাপোলামের প্রমোশনে পরা গোলাপি এক শাড়িতে দেখতে দারুণ লাগছিল কন্নড়, তামিল, তেলেগু ইন্ডাস্ট্রি থেকে বলিউডে আসা এ তারকাকে। রাকুলকে দেখা গেল হট পিংক ব্ল্যাকলেস ব্লাউজ আর মাল্টি-শেডের এ শাড়িতে।

শাড়িটির ডিজাইন করেছেন ভারতের নামকরা ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রা। আর এ মাল্টি সিকুয়েন্স  পিংক শাড়ির আসল মূল্য জানলেও অবাক হবেন অনেকে। শাড়িটির দাম ১ লাখ ৩৫ হাজার রুপি।

৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার রাকুল শাড়ির সঙ্গে আরো পরেছিলেন গোলাপি ও সাদা রঙের ডোরাকাটা কানের দুল। আঙুলে ছিল রিং। আর এগুলোর সবই ছিল মনিশ মালহোত্রার জুয়েলারি হাউজের। রাকুলের নিত্যনৈমিত্তিক ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই ভক্তদের অবাক করে। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজেও যুক্ত আছেন এ তারকা। ভারতের অন্যতম সামাজিক আন্দোলন ‘বেটি বাঁচাও’ প্রোগ্রামের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।  

 

সূত্র: হিন্দুস্তান টাইমস