ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। গত ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি। দেশ ও দেশের বাইরে মুক্তি পায় সিনেমাটি। গত ঈদে একক আধিপত্য বিস্তার করে তুফান। এবার তুফানে ঝড়ের রেশ কাটতে না কাটতেই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের আরেক আলোচিত সিনেমা দরদ। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য মামুন। প্যান ইন্ডিয়ান এ সিনেমায় শাকিব বাদেও অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এরই মধ্যে সিনেমাটির টিজার ও লুক প্রকাশ হয়েছে এবং দুই বাংলার সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। এবার মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমা। এমনটাই জানালেন এর পরিচালক অনন্য মামুন।
সিনেমাটির পরিচালক অনন্য মামুন বলেন, ‘দরদ’ সিনেমার প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব দরবারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশজুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরার টার্গেট আছে।’
এর আগে স্থিরচিত্র পোস্ট করে অনন্য মামুন লিখেছিলেন, ‘সব প্রচারণা শুরু হবে ১৫ জুলাই থেকে। দেশের পাশাপাশি দেশের বাইরেও ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। আগামী দুই মাস দরদের প্রচারণায় থাকবে নতুন কিছু। শাকিব ভক্তদের নিয়ে এই প্রথম কোনো বড় আয়োজন হবে।’
সাইকো থ্রিলার ঘরানার এ সিনেমায় শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান ছাড়া্ও রয়েছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলা ভাষার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।










