অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও জনপ্রিয় ঐশ্বরিয়া রাই বচ্চন। নিয়মিত বিজ্ঞাপন করেছেন তিনি, হেঁটেছেন র্যাম্পেও। আবারো তিনি র্যাম্পে হেঁটেই আলোচনায় এলেন। প্যারিস ফ্যাশন উইকে হীরাখচিত কালো পোশাকে র্যাম্পে দেখা গেল ঐশ্বরিয়াকে। র্যাম্পে তার এ উপস্থিতি প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
ঐশ্বরিয়া দীর্ঘদিন ধরে লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সোমবার মনিশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে এ পণ্যের দূত হিসেবেই অংশ নিয়েছিলেন তিনি। কালো শেরওয়ানিতে ঐশ্বরিয়া সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছিলেন। তার সিগনেচার রুবি লিপস এবং খোলা চুলের স্টাইল পুরো গ্ল্যামারকে যেন বহুগুণ বাড়িয়ে তুলেছিল। ঐশ্বরিয়ার একটি ভিডিও প্রকাশ হয়েছে এবং তা বারবার শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঐশ্বরিয়ার পোশাক নিয়ে মানিশ মালহোত্রা বলেন, এ লুক ভারতীয় শেরওয়ানিকে নতুনভাবে উপস্থাপন করেছে। কাস্টম-শেরওয়ানি হলো একটি ক্যানভাস যেখানে স্ট্রাকচার ও কোমলতার সংমিশ্রণ আছে। ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জুড়ানো হাতের ডিজাইন আধুনিক রাজকীয়তার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। মূলত হাতের অংশের এ ডিজাইন অলংকারের মতো কাজ করছে, এটা একই সঙ্গে শক্তি এবং সংবেদনশীলতা দুটি বিষয় তুলে ধরে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস










