গত সোমবার আরটিভিতে প্রচার শেষ হয়েছে ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’। সঞ্জিত সরকার পরিচালিত নাটকটি প্রচার হয়েছে ৬৭৬ পর্ব। এবার আসছে তারই পরিচালিত নতুন ধারাবাহিক ম্যানেজ মাস্টার। আজ থেকে প্রতি শুক্রবার থেকে সোমবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।
সঞ্জিত সরকার জানান ম্যানেজ মাস্টার ধারাবাহিকে দুটি পরিবারের দুটি গল্পই এগিয়ে যাবে। একটি গল্পে দেখা যাবে অভিনেতা যাহের আলভী বড় লোক বাবার সন্তান। একটি কারণে বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অনেক কষ্ট করে নিজেই ছোট ব্যবসা শুরু করে। একটা সময় এসে বুঝতে পারে, বড় হতে হলে মানুষকে অনেক কষ্ট করতে হয়। আরেক গল্পে দেখা যাবে যে তিন বেকার মানুষ একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। কিন্তু তারা নানা মিথ্যে বলে সে বাড়িতে ম্যানেজ করেই তিনজন থাকতে শুরু করে। এভাবেই এগিয়ে যায় গল্প।
ম্যানেজ মাস্টার ধারাবাহিকের রচয়িতা ও নির্মাতা সঞ্জিত সরকার। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘আরটিভির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে চ্যানেলটি আমার প্রতি ভীষণ আস্থা রাখে। যে কারণে চিটার অ্যাণ্ড জেন্টলম্যান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যানেজ মাস্টারের প্রচার শুরু হচ্ছে। নতুন ধারাবাহিকে যারা অভিনয় করেছেন, প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সবাই যার যার চরিত্রে ভীষণ মন দিয়ে অভিনয় করেছেন। আমি ম্যানেজ মাস্টার নিয়ে ভীষণ আশাবাদী। শিল্পীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইল।’
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, নরেশ ভূঁইয়া, শামীমা নাজনীন, ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়. আরফান আহমেদ, রেশমা আহমেদ, সালহা খানম নাদিয়া, যাহের আলভী, নাবিলা বিনতে ইসলাম, মুসাফির সৈয়দ বাচ্চু, তন্ময় সোহেল, মায়মুনা মম, ইফফাত আরা তিথিসহ আরো অনেকে।










