বাংলাদেশে এ প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া। কিছুদিন আগেই ছিল তার জন্মদিন। জন্মদিনে অনেকেই তার সঙ্গে ছবি পোস্ট করে কিছু কথা লিখে ফেসবুকে পোস্ট করেছেন। তবে ব্যতিক্রমী দুই লাইনের লেখা, যার পোস্টটি সবার নজর কেড়েছে, সেটি হচ্ছে এ প্রজন্মের আরেক শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী লিজার পোস্ট।

লিজা নিশীতার সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমাদের সময়ের অত্যন্ত মেধাবী আর পরিশ্রমী সংগীতশিল্পী তুমি। অনেকের মধ্য থেকে তোমাকে খুব সহজেই আলাদা করা যায়, তোমার কণ্ঠটা গিফটেড, এটা একটা ব্লেসিংস।’ উত্তরে নিশীতা লিজাকে জবাব দিয়েছিলেন, ‘থ্যাংক ইউ দ্য রিয়েল সুপার লেডি’। লিজার কথাই ঠিক, কারণ নিশীতার কণ্ঠ আসলেই স্বতন্ত্র।

তার কণ্ঠে আবারো এল নতুন একটি মৌলিক গান। তার এবারের গানের শিরোনাম ‘মেঘ কপালে মেয়ে’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর-সংগীত করেছেন সুমন কল্যাণ। নিশীতা এর আগেও সুমন কল্যাণের সুর-সংগীতে গান গেয়েছেন। তবে মেঘ কপালের মেয়ে গানটি যেন একটু অন্য রকম। নিশীতাও ভীষণ দরদ দিয়ে গেয়েছেন। গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। সুমন কল্যাণ বলেন, ‘একদিন ছুটির দিনে মেঘলা বিকালে গীতিকবি বন্ধু প্রসেনজিৎ ওঝা নতুন কথা নিয়ে হাজির স্টুডিওতে। গীতিকবিতার শিরোনাম দেখেই মন ভরে গেল। নিশীতা সবসময়ই ভালো গায়। যথারীতি এবারো খুব ভালো গেয়েছে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকের।’

নিশীতা বড়ুয়া বলেন, ‘গানের কথা খুব সুন্দর। প্রসেনজিৎ দাদা খুব চমৎকার লিখেছেন। সুরটাও অসাধারণ। আমি এর আগেও সুমন কল্যাণ দাদার সুরে গান গেয়েছি। তবে এ গানের কথা ও সুর অন্যরকম। প্রথম শুনেই খুব ভালো লেগেছিল আমার। এখন শ্রোতাদের পালা, তাদের ভালো লাগাটাই তো সবচেয়ে বড় বিষয়।’