সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে নির্মাতাদের গল্প বলার ধরন। এছাড়া ভিন্নধর্মী গল্প পর্দায় নিয়ে আসতেও কাজ করছেন তারা। এবার সে পথেই হাঁটতে যাচ্ছেন তরুণ নির্মাতা আবু হায়াত মাহমুদ। ছোট পর্দা ও ওটিটিতে প্রশংসা কুড়িয়ে এবার বড় পর্দায় নতুন গল্প নিয়ে আসছেন এ নির্মাতা। তার সিনেমায় উঠে আসবে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমার নাম ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। 

নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে বহু কুখ্যাত নাম। ঢাকার সেই ভয়ঙ্কর অধ্যায়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমা ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমা, যার ট্যাগ লাইন হচ্ছে ‘আমি কালা’।

আড়াই শতাধিক নাটক পরিচালনার পর এবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আবু হায়াত মাহমুদ। প্রথম সিনেমা নির্মাণের উচ্ছ্বাস প্রকাশ করে এ পরিচালক

বলেন, ‘নিজের মধ্যে ফিল্ম বানানোর জন্য তাড়না অনুভব করছি। আড়াইশর মতো নাটকে গল্প বলেছি। সে অভিজ্ঞতা কাজে লাগাব। শুরু থেকে আমার ফিল্ম নির্মাণের ইচ্ছে ছিল। পারফেক্ট টাইমের অপেক্ষায় ছিলাম। এখন উপযুক্ত সময়। ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতো কনটেন্ট, গল্পটা সঠিকভাবে বলা ও প্রেজেন্টেশন দিতে পারলে আমার বিশ্বাস মানুষ পছন্দ করবে।’

সিনেমাটির গল্প ও প্রধান চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘থ্রিলার ও সাসপেন্সনির্ভর আমাদের সিনেমা। বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটা। আগামী মে মাসে শুটিং পর্ব শুরু হবে। ঢাকাসহ দেশের ১০০টি লোকেশনে আমরা শুটিং করার প্রস্তুতি নিচ্ছি। এতে প্রধান দুটি চরিত্রে ঢাকা ও পশ্চিমবঙ্গের দুজন থাকবেন। কথাবার্তা অনেকটা চূড়ান্ত করেছি, শুটিংয়ের আগে জানাব। এখন সিনেমার বাজার অনেক বড় হচ্ছে। দেশের বাইরে মুক্তি দিতে গেলে কাস্টিং বিষয়টি ভ্যালু ক্রিয়েট করে। সেভাবেই প্ল্যান করেছি।’

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিনেমাটির অন্যান্য চরিত্র করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, সংগীতশিল্পী প্রীতম আহমেদ। 

গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সিনেমার ঘোষণা দিয়েছেন আবু হায়াত মাহমুদ। ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা তৎকালীন সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে নির্মাণে উদ্যোগ নিলেও এতে বিশেষ কোনো ব্যক্তির পোট্রে থাকছে না বলে জানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, যুক্ত হবে আরো কিছু প্রডাকশন হাউজ। 

গত বছর ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজ’ নির্মাণ করে প্রশংসা পান আবু হায়াত মাহমুদ। নব্বইয়ের দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড ঘিরে ছিল মার্ডার নাইনটিজের গল্প। ওয়েব ফিল্মটির মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধেন প্রার্থনা ফারদিন দীঘি ও খায়রুল বাসার। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়েছিল গত বছরের মাঝামাঝি। আর এবার নির্মাতা নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প বড় পর্দায় কীভাবে আনতে যাচ্ছেন সেটা দেখার অপেক্ষা।