দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আঁকা একটি চিত্রকর্ম ছিল হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সংগ্রহে। জোলি সোমবার নিলামে চিত্রকর্মটি ১ কোটি ১৫ লাখ মার্কিন ডলারে বিক্রি করেছেন।

চার্চিলের আঁকা ছবিটি মরোক্কোর একটি ল্যান্ডস্কেপের। ১ কোটি ১৫ লাখ মার্কিন ডলারে বিক্রির মাধ্যমে চিত্রকর্মটি এর আগে বিক্রি হওয়া চার্চিলের অন্য চিত্রকর্মগুলোর মূল্যকে ছাড়িয়ে গেল। ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মসক’ শীর্ষক ছবিটি লন্ডনের ক্রিস্টিজে বিক্রি হয়েছে ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৭১৫ মার্কিন ডলার বা প্রায় ৮২ লাখ পাউন্ডে। নিলামে ওঠার আগে ধারণা করা হয়েছিল চার্চিলের ছবিটি ১৫ থেকে ২৫ লাখ পাউন্ডে বিক্রি হতে পারে। এর আগে চার্চিলের বিক্রি হওয়া ছবিগুলোর মধ্যে সর্বোচ্চ দাম ছিল ১৮ লাখ পাউন্ডের কাছাকাছি।

‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মসক’ চিত্রকর্মটিতে দ্বাদশ শতাব্দীর মসজিদটিকে দেখা যায় সূর্যাস্তের সময়। পেছনে দেখা যায় অ্যাটলাস পর্বতমালা। ছবিটির রাজনৈতিক ও হলিউডি ইতিহাস আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে চার্চিল এই একটি চিত্রকর্মই এঁকেছিলেন। ১৯৪৩ সালের ক্যাসাব্লাংকা সম্মেলনের পর ছবিটি আঁকা শেষ হয়। সম্মেলনে চার্চিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন রুজভেল্টের বৈঠক হয়েছিল হিটলারকে পরাস্ত করার কৌশল নিয়ে। কনফারেন্স শেষে চার্চিল তার ছবিটি রুজভেল্টকে উপহার দেন। রুজভেল্টের মৃত্যুর পর ১৯৪৫ সালে তার ছেলে ছবিটি বিক্রি করে দেন। বেশ কয়েকজনের হাত ঘুরে ২০১১ সালে এটি কিনে নেন জোলি ও ব্রাড পিট দম্পতি।

২০১৬ সালে জোলি ও ব্রাড পিটের বিচ্ছেদ হয়। এ দম্পতির সংগ্রহে থাকা শিল্প সংগ্রহের কী পরিণতি হয় তা নিয়ে তখন বেশ জল্পনা-কল্পনা হয়েছিল।

 

সূত্র: ইন্ডিয়া টুডে