গত বছর তিনটি সিনেমায় দেখা মিলেছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ সিয়াম আহমেদের। এর মধ্যে ‘‌অন্তর্জাল’ সিনেমায় লুমিন ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় রাতুল চরিত্র করে দর্শকের মন জয় করেছিলেন। বড় পর্দায় সিয়ামের দেখা মিলেছিল গত বছরের অক্টোবরে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এরপর প্রায় চার মাস কেটে গেলেও পর্দায় দেখা মেলেনি সিয়ামের। সদ্য বিদায়ী বছরের প্রথম মাসেই মুক্তি পেয়েছিল নতুন সিনেমা। তবে এ বছর এখনো নতুন সিনেমা মুক্তির কথা জানাননি সিয়াম। এবার তিনি জানালেন নতুন বছরের সূচনা করতে যাচ্ছেন ওয়েব সিরিজের মধ্য দিয়ে। সিরিজের নাম ‘টিকিট’। এর আগে ওয়েব সিরিজটিতে অভিনয়ের কথা জানালেও এবার সিয়াম হাজির হলেন নতুন লুকে। 

জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ সিরিজটি নির্মাণ করেছেন ওটিটি প্লাটফর্ম চরকির জন্য। এরই মধ্যে সিরিজের পোস্টার ও ক্যারেক্টার লুক প্রকাশ পেয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সিয়াম। এ সিরিজে ভিন্ন লুকে দেখা মিলেছে তার। চোখে মোটা ফ্রেমের স্টিলের চশমা, সিঁথি কাটা চুল, ফুলহাতা শার্টে দর্শকের নজর কেড়েছেন সিয়াম। সিরিজটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নতুন ওয়েব সিরিজ টিকিট। সিরিজটিতে আমার চরিত্রের নাম সালেক। চরিত্রটা আমি ঠিক কতখানি করতে পারব সেটা নিয়ে বেশ সংশয় ছিল আমার মাঝে। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। উনার কারণেই আমি সালেক চরিত্রটা করতে পেরেছি।’

বর্তমান সময়ে এসে ভিন্নধর্মী গল্প ও চরিত্রের প্রতি অভিনয়শিল্পীদের আগ্রহ বেশি। নির্মাতারাও ভিন্নধর্মী গল্প দেখাতে চান দর্শককে। সিয়াম আহমেদ ভিন্নধর্মী চরিত্র নিয়ে হাজির হচ্ছেন। ‘‌অন্তর্জাল’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, দামাল, পাপপুণ্য, মৃধা বনাম মৃধা সিনেমাগুলোয় ভিন্নভাবে হাজির হয়েছিলেন সিয়াম। চরিত্রগুলোয় নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চ্যালেঞ্জ নিয়েছিলেন এ অভিনেতা। এবার টিকিট ওয়েব সিরিজে অভিনয় করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ ছিল কিনা জানতে চাইলে সিয়াম বলেন, ‘হ্যাঁ, এ চরিত্রে দুটি চ্যালেঞ্জ ছিল আমার জন্য। এর মধ্যে একটা হচ্ছে সালেকের চরিত্র একেবারেই আলাদা হতে হবে। আর দ্বিতীয়টা ছিল সালেকের স্বভাব ও লুক যাতে তাকে সবার থেকে আলাদা দেখায়। এ চরিত্রের কিছু আলাদা বৈশিষ্ট্য ছিল অন্য চরিত্রগুলো থেকে। চরিত্রের জন্য আমাকে ওয়েট গেইন করতে হয়েছিল।’

সিয়াম আহমেদ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি বড় পর্দা ও ওয়েব মাধ্যমেই কাজ করেন। গত বছরও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘পুনর্মিলনী’ ওয়েব ফিল্ম দিয়ে নজর কেড়েছিলেন তিনি। আর এবার টিকিট নিয়ে হাজির হচ্ছেন। এ সিরিজের গল্প প্রসঙ্গে জানতে চাইলে সিয়াম আহমেদ বলেন, ‘‌সিরিজটির নাম টিকিট, আর এতে টিকিট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লট। পোস্টারেও এটা স্পষ্ট। আর সবদিক থেকে গল্পটা পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে গল্পটা আলাদা। এমন গল্পে আমি আগে কাজ করিনি। এতে ভালো আর মন্দ মানুষের এক অদ্ভুত মিশেল দেখতে পাবে দর্শক। আর টিকিটের প্রত্যেকটা চরিত্র আসলে আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে।’

মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে ভিকি জাহেদের পরিচালনায় টিকিটকে সিয়াম আহমেদ ছাড়াও আরো অভিনয় করেছেন সাফা কবির, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ প্রমুখ। ২০২৩ সালের শেষ দিকে ওয়েব সিরিজ টিকিটের শুটিং শেষ করা হয়েছে।