বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘বৈঠকখানা’। এ অনুষ্ঠানে সম্প্রতি দুটি নতুন মৌলিক গান পরিবেশিত হয়েছে। গানগুলো গেয়েছেন এ সময়ের জনপ্রিয় চারজন সংগীতশিল্পী—সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা।

‘প্রেমের ঘর’ শিরোনামের গানটি গেয়েছেন সোহেল মেহেদী ও বেলী আফরোজ। অন্যদিকে ‘ভালোবাসা পাওয়া’ শিরোনামের গানটি পরিবেশন করেছেন সাব্বির জামান ও লুইপা। গত রোববারই বিটিভিতে এ দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

সোহেল মেহেদী জানান, বেলী আফরোজের সঙ্গে এর আগে তিনি প্লে-ব্যাক করেছেন এবং আধুনিক গানও গেয়েছেন। তবে বিটিভির কোনো অনুষ্ঠানের জন্য এবারই প্রথম তারা দুজন একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছেন।

সাব্বির জামান জানান, ‌এর আগে বাংলাদেশ বেতারে লুইপার সঙ্গে তার মৌলিক গান গাওয়া হয়েছে। তবে বিটিভিতে বা বড় আয়োজনের অনুষ্ঠানে এবারই প্রথম সাব্বির ও লুইপার দ্বৈত গান পরিবেশিত হলো।

উভয় গানের কথা ও সুর করেছেন দেশের গুণী গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার।

সোহেল মেহেদী প্রেমের ঘর গানটি প্রসঙ্গে বলেন, ‘দুই যুগেরও বেশি সময় পর প্রিয় শ্রদ্ধেয় মিল্টন খন্দকার ভাইয়ের কথা ও সুরে গান গাওয়ার সুযোগ হলো। মিল্টন ভাই সেই মহান মানুষ, যার ছায়াতলে প্রথম আশ্রয় নিয়েছিলাম। তার কথা ও সুরে দীর্ঘদিন পর কাজ করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। এখন থেকে আমাদের নিয়মিত কাজ হবে, এটাই আমার বিশ্বাস।’

বেলী আফরোজ বলেন, ‘শ্রদ্ধেয় মিল্টন ভাইয়ের কথা ও সুরে বাংলাদেশের সংগীতাঙ্গন অনেক ভালো গানে সমৃদ্ধ হয়েছে। আমারও সৌভাগ্য হলো তার কথা ও সুরে গান গাওয়ার। প্রেমের ঘর গানটি আশা করি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’

সাব্বির জামান বলেন, ‘মিল্টন ভাই আমাদের সংগীতাঙ্গনের গর্ব। তার হাত ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে অনেক শিল্পীর অভিষেক হয়েছে। তার লেখা ও সুর করা গান গেয়ে অনেক শিল্পী জনপ্রিয় হয়ে উঠেছেন। বিটিভিতে এবারই প্রথম আমি ও লুইপা কোনো মৌলিক গান করেছি মিল্টন ভাইয়ের কথা ও সুরে। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

লুইপা বলেন, ‘এর আগেও আমি শ্রদ্ধেয় মিল্টন খন্দকার ভাইয়ের কথা ও সুরে গান গেয়েছি। তবে এবারের গানটি অনেক সুন্দর। সাব্বির ভাইয়ের সঙ্গে আমার গানটি আশা করি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’

বৈঠকখানার এ নতুন এপিসোড শিগগিরই প্রচারে আসবে। এরই মধ্যে সাব্বির ও লুইপা রাজধানীর গুলশান ক্লাবে একটি শোয়ে একসঙ্গে সংগীত পরিবেশন করেছেন। গতকাল পাবনায় সোহেল মেহেদী একটি শোয়ে পারফর্ম করেছেন এবং আজ ঢাকার বনানীতে আরো একটি শোয়ে পারফর্ম করবেন।