রজনীকান্তের আবেদন যেন ফুরোবার নয়। ‘জেলার’ সিনেমা দিয়ে ভক্তদের নতুন অবতারে চমকে দেয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন। দীর্ঘ ক্যারিয়ারে প্রতিনিয়ত নিজের ‘সুপারস্টার’ তকমার প্রতি সুবিচার করছেন তিনি। কেবল সিনেমার পর্দায় নয়, বাস্তবেও বিনয়ী ও নিরহঙ্কার মানুষ হিসেবে খ্যাতি আছে তার। সম্প্রতি রজনীকান্তের চরিত্রের এ দিক নিয়ে কথা বলেছেন অভিনেতা জ্যাকি শ্রফ।

জেলার সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে। সিনেমায় রজনীকান্তের বিরুদ্ধে লড়বেন তিনি, কিন্তু বাস্তবে করলেন রজনীকান্তের প্রশংসা। জেলার সিনেমার শুটিং চলাকালীন একটি দিনের কথা স্মরণ করেছেন তিনি। সেদিন সিনেমার সেট থেকে বের হয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পর রজনীকান্তের মনে পড়েছিল যে তিনি জ্যাকি শ্রফের কাছ থেকে বিদায় নেননি। তাই ভক্তদের ভিড় ঠেলে সেটে ফিরে এসেছিলেন জ্যাকি শ্রফকে ‘বাই’ বলার জন্য। সম্প্রতি ফিল্ম ‌কমপ্যানিয়নের সঙ্গে এক সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ এ স্মৃতিচারণ করেন। সেদিন দুজনেরই শুটিং ছিল। একপর্যায়ে রজনীকান্তের শুটিং শেষ হয়। তিনি ভেবেছিলেন, জ্যাকি শ্রফের শুটিংও শেষ হয়ে গেছে। তিনি কিছু দূর হেঁটে গাড়ি পর্যন্ত গেলেন। তখন তার জ্যাকি শ্রফের কথা মনে পড়ে। তিনি জানতে চান জ্যাকি শ্রফ কোথায়। তাকে বলা হলো যে তিনি শুটিং করছেন। তখন তিনি ফিরে তার কাছে গেলেন। জ্যাকি শ্রফ বলেন, ‘প্রায় ৫০০ ভক্তের ভিড় ঠেলে তিনি আমার কাছে এসেছিলেন। তিনি কেবল এটি বলতেই ফিরেছিলেন যে “আমি তোমাকে বাই বলতে চেয়েছিলাম”।’ রজনীকান্তের এ সৌজন্যে বিমোহিত হয়েছিলেন জ্যাকি শ্রফ। মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘তিনি অনেক উঁচু মানের একজন মানুষ। তিনি থালাইভা। কেবল বাই বলতে তার এ ফিরে আসা থেকেই বোঝা যায়, কেন তাকে থালাইভা বলা হয়।’ জ্যাকি শ্রফের মতে, রজনীকান্ত তার মায়ের গুণাবলি পেয়েছেন।

রজনীকান্তের সঙ্গে জ্যাকি শ্রফের বন্ধুত্বের শুরুটা ১৯৮৭ সালে। ‘উত্তর দক্ষিণ’ সিনেমায় প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ২০১৪ সালে ‘কোচাদাইয়ান’ সিনেমায়ও তারা একসঙ্গে কাজ করেছিলেন। রজনীকান্তের সঙ্গে সম্পর্কের বিষয়ে জ্যাকি শ্রফ বলেন, ‘বন্ধুত্বটা শুরু হয়েছিল উত্তর দক্ষিণ সিনেমা দিয়ে। সিনেমাটিতে তিনি আমার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার সঙ্গে কাজ করে আমি বুঝতে পেরেছিলাম, বড় তারকা হওয়া সত্ত্বেও একজন মানুষ কতটা সাধারণ ও বিনয়ী হতে পারেন। আমার মনে হয়, তিনি দুনিয়ার সবচেয়ে বিনয়ী সুপারস্টার।’ রজনীকান্তের সঙ্গে নিজের সম্পর্কের গভীরতা বর্ণনা করতে গিয়ে জ্যাকি শ্রফ বলেন, ‘তিনি আমার পরিবার। আমার সোলমেট।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস