ঐতিহ্যবাহী বেহুলা-লক্ষিন্দরের গীতিনাট্য ‘বেহুলা নাচারি পালা’ অবলম্বনে নির্মিত নতুন সিনেমা ‘বেহুলা দরদী’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ইউ গ্রেড ছাড়পত্র পেয়েছে। অর্থাৎ সিনেমাটি কোনো কাটছাঁট ছাড়াই সব বয়সী দর্শকের জন্য উপযুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।

১৬ অক্টোবর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান উৎসব অরিজিনালস এ তথ্য নিশ্চিত করেছে।

সিনেমাটির প্রযোজক মো. জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালনা করেছেন সবুজ খান। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

সিনেমার প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘‌বেহুলা দরদী টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতির গল্প অবলম্বনে নির্মিত। পরিচালক সবুজ খানের তত্ত্বাবধানে কাজটি খুব মননশীলভাবে সম্পন্ন হয়েছে। আমরা এটি করেছি একধরনের দায়বদ্ধতার সঙ্গে, কারণ আমাদের গ্রামীণ সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা সত্যিই আনন্দের।’

পরিচালক সবুজ খান বলেন, ‘‌টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে একসময় বেহুলা নাচারি গীতিনাট্য অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্কৃতি প্রায় হারিয়ে গেছে। তাই আমরা এমন একটি গল্পকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরেছি, যা আমাদের লোকজ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে। এটি আমার প্রথম সিনেমা; দর্শক যদি ভালোভাবে গ্রহণ করেন, তবে আমাদের পরিশ্রম সার্থক হবে।’

সিনেমাটিতে অভিনয় করেছেন: ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আঁখি আক্তার, সেলজুক ত্বারিক, মো. আলমগীর হোসেন, শেখ মেরাজুল ইসলাম, আফফান মিতুল, রেশমি আহামেদ, সানজিদা মিলা, হাসিমুন, স্নিগ্ধা হোসেইন, ইমরান হাসো, নয়ন আহমেদ কাজল এবং মধুপুরের একঝাঁক স্থানীয় শিল্পী।

সিনেমাটি গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের প্রতি উজ্জীবিত একটি চলচ্চিত্র হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে প্রস্তুত।