পাশের দেশ ভারতে চলছে ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর। এ সময় ক্রিকেট নিয়ে বিশ্বজুড়েই চলছে উন্মাদনা। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও চলছে টানটান উত্তেজনা। আমাদের দেশের ক্রিকেটপ্রেমীদের সে উন্মাদনা আরো বাড়িয়ে দিতে আজ কনসার্টের আয়োজন করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা জোগাতে ‘‌চলো বাংলাদেশ’ শীর্ষক কনসার্ট হবে ঢাকায়। আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্টে গান পরিবেশন করবে আর্টসেল, ক্রিপ্টিক ফেইট, হাবিব ওয়াহিদ, নেমেসিস, প্রীতম হাসান, রাফা অ্যান্ড ফ্রেন্ডস, পান্থ কানাই, হাসান, ওয়ারফেজসহ অনেকে। 

আজকের কনসার্টটিতে অংশ নেয়া ব্যান্ড ও শিল্পীদের মাঝেও চলছে জোর আয়োজন। ওপেন এয়ার কনসার্ট তাই শেষ সময় পর্যন্ত নিজেদের পরিবেশনা ঠিকভাবে করতে মন দিয়েছেন বলে জানিয়েছে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো। শিল্পীরাও কনসার্টটি ঘিরে তাদের অপেক্ষার কথা জানিয়েছেন। হাবিব ওয়াহিদ আজকের কনসার্ট নিয়ে জানান, এমন একটি আয়োজনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। 

গ্রামীণফোনের ‘চলো বাংলাদেশ’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এ কনসার্ট আয়োজন। কনসার্টে গান শুনতে যাওয়া যাবে বিনামূল্যে। তবে এজন্য শ্রোতাদের নিবন্ধন করতে হয়েছিল মাইজিপি অ্যাপের মাধ্যমে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয় কনসার্টটি মাইজিপি অ্যাপ ও এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের বহুল প্রত্যাশিত এ উদযাপন ‘চলো বাংলাদেশ’ কনসার্টের মাধ্যমে গ্রামীণফোনের লক্ষ্য দেশের তরুণদের মধ্যে ঐক্য, আবেগ ও অনুপ্রেরণার চেতনাকে উজ্জীবিত করা। কনসার্ট শুরু হবে বিকাল ৪টা ২০ মিনিটে। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে ২টা ৪৫ মিনিটে। আর গেট বন্ধ হবে ৭টা ৩০ মিনিটে।