বছরজুড়েই নতুন কাজ নিয়ে ব্যস্ত থাকেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বিশেষ দিবস ও উৎসবকে কেন্দ্র করে নতুন কিছু নিয়ে আসেন এ নির্মাতা। ওয়েব মাধ্যমেও নিয়মিত তিনি। নতুন খবর হলো নতুন ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন আরিয়ান। কাজিনদের সম্পর্কের নানা বাঁক, মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ নিয়ে আসছেন আরিয়ান। এটি দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে আসছে বলে নিশ্চিত করেছেন এ নির্মাতা। এর মধ্য দিয়ে ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। 

পুনর্মিলনে নিয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস-ইউনিভার্সিটিতেও বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না, সেটা হলো কাজিনদের বন্ধু্ত্বের গল্প। এবার আমার গল্প হলো কাজিনদের গল্প নিয়ে। আমাদের ফান, ফূর্তি ও পুনর্মিলনে সবাইকে নস্টালজিক ফিল দেবে।’

পুনর্মিলনে নিয়ে জানতে চাইলে সিয়াম আহমেদ বলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে আমার ছোটপর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।’

ফারিণের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ফারিণ দারুণ গুণী একজন অভিনেত্রী। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি যারপরনাই আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এ সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে তারা এ সিনেমা দেখে কাঁদবে। দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।’

ছোট পর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। এরই মধ্যে কলকাতার সিনেমায় অভিনয় করে রুপালি জগতে অভিষেক হয়েছে তার। সম্প্রতি বিয়ে ও অভিনয় দুই নিয়েই আলোচনায় আছেন তিনি। ওয়েব ফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে ফারিণ বলেন, ‘পুনর্মিলনের গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও এই প্রথম কাজ করা হলো। তিনি সবকিছু গভীরভাবে দেখেন। আশা করছি, ভালো একটা কাজ হতে চলেছে।’

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। ২০২১ সালে মুক্তির পর এটি দর্শক মহলে সাড়া ফেলেছিল। এতে কথা চরিত্রে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছিল নেটওয়ার্কের বাইরে। এতে আরো ছিলেন শরিফুল রাজ, নাজিফা তুষি, ইয়াশ রোহান, অর্ষা, তাসনুভা তিশা, খায়রুল বাশার ও জোনায়েদ বোগদাদী। এ ওয়েব ফিল্মে অভিনয় করে নজর কেড়েছিলেন ফারিণ। এবার আরিয়ানের সঙ্গে নতুন ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আরিয়ান ভাইয়ের সঙ্গে কাজ করেছি প্রচুর। আরিয়ান ভাই পার্ফেকশনিস্ট একজন পরিচালক। তার মনমতো না হওয়া পর্যন্ত প্রডাকশনের কোনো বিষয়ে ছাড় দেন না তিনি। আরিয়ান ভাইয়ের সঙ্গে কাজ করলে প্রতিবারই নতুন ভালো অভিজ্ঞতা হয়, নতুন কিছু শেখা যায়।’

চলতি বছরের শুরুতে ভালোবাসা দিবসে ‘উনিশ২০’ ওয়েব ফিল্মটিও প্রশংসা পেয়েছিলেন আরিয়ান। রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছিলেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু। ‘পুনর্মিলনে’ ওয়েব ফিল্মে একঝাঁক তারকাদের নিয়ে কী চমক আনছেন আরিয়ান, সেটাই এখন দেখার পালা। সিয়াম-ফারিণ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ। নির্মাতা জানান, পুনর্মিলনে খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে চরকিতে।