উইজার্ড অব ওয়েভারলি প্লেস ডিজনির সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর একটি। ২০০৭ সালে শুরু হওয়া সিরিজটি বিশ্বব্যাপী ব্যাপক দর্শক আকর্ষণ করে। ২০১২ সালে শেষ হওয়ার পরও প্রায়ই নানা সময়ে সিনেপ্রেমীদের আলোচনায় উঠে আসে ওয়েভারলি প্লেসের প্রসঙ্গ। তরুণী অ্যালেক্স রুসো আর তার ভাই জাস্টিন রুসোর গল্প। সম্প্রতি সে সিরিজেরই সিকুয়াল আনার গুঞ্জন ওঠে সংবাদমাধ্যমে। ডিজনির জনপ্রিয় সিরিজটির সিকুয়াল আসতে যাচ্ছে। ডেডলাইনে প্রকাশিত সংবাদের নিশ্চয়তা দিলেন সেলেনা গোমেজ নিজে। অ্যালেক্স রুসো চরিত্রে তাকে আবার দেখা যাবে ডেভিড হেনরির সঙ্গে। সেখানে ডেভিড হেনরির নাম জাস্টিন রুসো। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গোমেজ লিখেছেন, ‘‌আমরা আবার ফিরছি’।

ডেডলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গোমেজ ও হেনরি সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবেও থাকবেন। সিকুয়ালের গল্প আবর্তিত হয়েছে উইজটেকে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার মধ্য দিয়ে। পরিণত বয়সী জাস্টিন রুসো সাধারণ মানুষের জীবন বেছে নেয়ার সিদ্ধান্ত নেয় ও তার জাদুকরী শক্তি একপাশে সরিয়ে রেখে। কিন্তু এ সিদ্ধান্ত ভিন্ন দিকে বাঁক নেয় এক তরুণ উইজার্ডের সঙ্গে দেখা হয়ে। গল্পটিতে প্রাধান্য পেয়েছে নিজেকে আবিষ্কার করার দার্শনিকতা। পাশাপাশি যুক্ত হয়েছে অতীতের সঙ্গে বোঝাপড়া করে উইজার্ড দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত।

সেলেনা গোমেজ ও ডেভিড হেনরি ছাড়াও আরো অভিনয় করেছেন আলকাউয়ো থিলি, মিমি গিয়ানোপুলোসসহ আরো অনেকে। দীর্ঘদিন আগে শেষ হতে যাওয়া সিরিজটা সিকুয়ালের মধ্যে নতুনভাবে প্রাসঙ্গিক হতে যাচ্ছে। নতুনত্ব আসছে গল্পের বর্ণনায়ও। সেলেনা গোমেজ এর আগে উইজার্ড অব ওয়েভারলি প্লেসের পডকাস্টে সে সময়ের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘‌আমি একে অন্য কোনোভাবেই কল্পনা করতে পারি না। শুরুর দিকে আমি কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু ডেভিড আসার পরে কাটিয়ে উঠেছি। প্রথম দিকে মনে হচ্ছিল আমার নতুন কোনো পরিবারের প্রয়োজন নেই। কিন্তু শেষে গিয়ে বুঝলাম জীবনে সবাইকে প্রয়োজন। নিজেকে নিরাপদ ভাবতে লাগলাম, যা সাধারণত খুব কম সময় হয়। তারা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসে। সে শর্তহীন বিশ্বাস আর বন্ধনকে আমি মিস করি। সত্যি বলতে আমি অনুভব করতাম, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটাই ছিলাম সারা জীবন ধরে। সে সময়টুকুর জন্য সত্যিই আমি কৃতজ্ঞ আর সুখী। এটা আমার জীবনের সেরা সময় ছিল। সত্যিই সে এক অভূতপূর্ব সময়।’

সূত্র: উইয়ন