মালয়ালম থ্রিলারে নতুন চমক দিয়েছিলেন জীতু জোসেফ। ২০১৩ সালে মুক্তি পায় ‘দৃশ্যম’। মোহনলাল অভিনীত সিনেমাটি এরপর ২০১৫ সালে রিমেক হয় বলিউডে। আট বছর পর সিকুয়াল আনেন জোসেফ। পরের বছরই এর রিমেক হয় বলিউডে। এরপর জানা গিয়েছিল কোরিয়ায় সিনেমাটি রিমেক হচ্ছে। এবার প্রযোজনা প্রতিষ্ঠান প্যানোরমা স্টুডিওজ জানাল হলিউডেও রিমেক হচ্ছে দৃশ্যমের। সিনেমাটির দুটি পর্ব নিয়েই কাজ করছে প্যানোরমা এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছে গালফস্ট্রিম পিকচার্স ও জোট ফিল্মস।
দৃশ্যমের মূল প্রযোজক ছিল আশীর্বাদ সিনেমাস। তাদের কাছ থেকে সিনেমার আন্তর্জাতিক স্বত্ব নিয়েছে প্যানোরমা। দক্ষিণ কোরিয়ায় দৃশ্যমের রিমেকের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এছাড়া স্পেনেও সিনেমাটি রিমেক হওয়ার ব্যাপারে একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
প্যানোরমার পক্ষ থেকে কুমার মঙ্গত পাঠক বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে গালফস্ট্রিম ও জোটের সঙ্গে কাজ করছি। কোরিয়া ও হলিউডের পর আমাদের লক্ষ্য আরো ১০টি দেশ ও ভাষায় সিনেমাটির রিমেক করা। আগামী পাঁচ বছরে আমরা সে কাজটি করব।’
মূলত দৃশ্যমকে তারা ছড়িয়ে দিতে চান পৃথিবীব্যাপী। ভারতের দর্শকরা দৃশ্যমকে যেভাবে গ্রহণ করেছেন তাতে মঙ্গতের মনে হয়েছে এ সিনেমার সাফল্যের কারণ গল্প। তিনি বলেন, ‘ভারতের দর্শকরা দৃশ্যমকে গ্রহণ করেছে এর অসাধারণ গল্পের কারণে। আমার মনে হয়, এ গল্পের জন্যই ভারতের মতো করে বহির্বিশ্বেও দৃশ্যম ফ্র্যাঞ্চাইজি সাফল্য অর্জন করবে।’
জীতু জোসেফের মূল থেকে দৃশ্যম বলিউডে রিমেক করেছিলেন নিশিকান্ত কামাত। ২০২০ সালে মারা যান তিনি। ‘দৃশ্যম টু’ রিমেক করেন অভিষেক পাঠক। কোনো সিনেমায়ই মূলের সৌন্দর্য নষ্ট হয়নি। তাই সবারই বিশ্বাস সিনেমাটি কোরিয়া ও হলিউডেও দারুণ হবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










