গতকাল মুক্তি পেল সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’। দীপাবলির উৎসবে মুক্তি পেল সিনেমাটি। যশরাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের এ সিনেমা প্রথমদিন আয় করেছে প্রায় ৪০ কোটি রুপি। তবে অংকটা গতকাল পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি। টিকিট বিক্রি থেকে একটি অনুমান দেয়া হয়েছিল। সে হিসেবে বলতে হয়, সিনেমাটি পাঠানের তুলনায় কমই আয় করল। অবশ্য প্রথমদিন দীপাবলির উৎসবের কারণে দর্শক কম হওয়ার কথা বলেছেন অনেকে। ধারণা করা হচ্ছে মুক্তির পর সিনেমাটি আরো ভালো আয় করবে।
বিশ্বজুড়ে টাইগার থ্রি মুক্তি পেয়েছে ৮ হাজার ৯০০ পর্দায়। এর মধ্যে ভারতে ৫ হাজার ৫০০ ও ভারতের বাইরে মুক্তি পেয়েছে ৩ হাজার ৪০০ পর্দায়। মুক্তির এ বিস্তারের হিসাবে বলা হচ্ছে দীপাবলিতে মুক্তি পাওয়া সবচেয়ে বড় সিনেমা টাইগার থ্রি। স্পাই ইউনিভার্সের সিনেমা হিসেবেও মুক্তির বিস্তারে এগিয়ে থাকছে টাইগার থ্রি। কেননা এর আগে শাহরুখ খানের পাঠান মুক্তি পেয়েছিল ৭ হাজার ৭০০ পর্দায়। কিন্তু সবারই এখন আলোচনার বিষয়, পাঠানের চেয়ে প্রথমদিনের আয়ে পিছিয়েই থাকবে টাইগার থ্রি।
মনীশ শর্মা পরিচালিত সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে। অগ্রিম টিকিট থেকে প্রায় ২০ কোটি রুপি আয় করে টাইগার থ্রি। সাচনিল্ক জানাচ্ছে, ১১ নভেম্বর রাত ৮টা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ছিল ২০ কোটি রুপির কাছাকাছি। প্রথমদিনের জন্য টিকিট বিক্রি হয় ৭ লাখ ৬০ হাজারের মতো। সেখান থেকে ধারণা হয়েছিল প্রথমদিনের মোট অগ্রিম টিকিট বিক্রি হবে সাড়ে ৮ লাখ ও আয় হবে ২৩ কোটি রুপি। অগ্রিম টিকিট বিক্রি থেকেই সাচনিল্ক ধারণা করেছে, সিনেমাটি প্রথমদিনে আয় করবে ৪০ কোটি ১০ লাখ রুপি।
টাইগার থ্রি নিয়ে দর্শক প্রতিক্রিয়া এখন পর্যন্ত ভালো। সেখান থেকেও ধারণা করা হচ্ছে দিন গড়ানোর সঙ্গে সিনেমার আয় বাড়বে। দর্শকরা বলছেন, সিনেমাটি মিশন: ইম্পসিবল ঘরানার। প্রচুর অ্যাকশন সিকোয়েন্সের পাশাপাশি এতে আছে সাসপেন্স ও থ্রিল। সিনেমাটি নিয়ে দর্শক সন্তুষ্ট। অনেকদিন পর সালমান খান ও ক্যাটরিনা কাইফের রোমান্স ও জুটি হিসেবে অভিনয় দর্শক পছন্দ করেছেন।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










