প্রায় এক যুগ পর পরিচালনায় ফিরতে চেয়েছিলেন ফারহান আখতার। বোন জয়া আখতারের ‘‌জিন্দেগি না মিলেগি দোবারা’র আদলে সিনেমা নির্মাণের পরিকল্পনা ছিল তার। তবে ফারহানের রোড ট্রিপ সিনেমায় থাকবেন তিন নারী। নাম ঠিক হয়েছিল ‌জি লে জারা। প্রাথমিকভাবে প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের অভিনয় করার কথা ছিল। কিন্তু কিছুদিন আগে প্রিয়াংকা চোপড়া সরে দাঁড়িয়েছেন এ সিনেমা থেকে। শিডিউলের সমস্যার কারণে সিনেমায় অভিনয় করতে পারছেন না বলে জানান তিনি। মূলত এ বছর তার সময় মিলছে না। আলিয়ার মা হওয়ার কারণে প্রথম দফায় পেছায় শুটিং। এ বছর প্রিয়াংকা ব্যস্ত ‘‌হেডস অব স্টেট’ সিরিজের শুটিং নিয়ে। পরের বছরের ‌‘‌ডেট’ দেয়া নিতেশ তিওয়ারি ও সঞ্জয় লীলা বানসালিকে।

প্রিয়াংকার তারিখ মেলানোর সুযোগ না থাকার পর ক্যাটরিনারও সমস্যা দেখা দেয়। এদিকে আমির খানের পরবর্তী সিনেমায় অভিনয় করছেন ফারহান আখতার। সেক্ষেত্রে সিনেমা আরো পেছানো বা সিনেমার শিডিউল নিয়ে সমস্যা হওয়ার আশঙ্কা থাকছে। এতসব ভেবেই সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটরিনা। এমনটা ধারণা করা হচ্ছে। ভারতীয় বিনোদন গণমাধ্যমগুলোর মধ্যে কোইমোই, বলিউড হাঙ্গামা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, কিন্তু নির্দিষ্ট কারণ এখনো কেউ উল্লেখ করেনি। তবে এর আগে এক সংবাদ সম্মেলনে ক্যাটরিনা জানিয়েছিলেন, তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গুজব। তিনি জি লে জারার শুটিং শেষ করে এ নিয়ে পরিকল্পনা করবেন। জি লে জারাই যখন সংকটে, তখন সিনেমা ছেড়ে দেয়াই বুদ্ধিমত্তার পরিচয়।

তবে ফারহান সিনেমাটি ছাড়ছেন না। প্রিয়াংকা ও ক্যাটরিনা কাইফের চরিত্রের জন্য ভাবা হচ্ছে আনুশকা শর্মা ও কিয়ারা আদভানিকে। শেষ পর্যন্ত কারা যুক্ত হবেন, তা সময় বলে দেবে। কিন্তু এর মধ্যে বিদ্রুপের শিকার হয়েছেন আলিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ট্রল করা হচ্ছে। তবে পুরো বিষয়টি নিয়ে আলিয়া ভাট, ফারহান আখতার বা এক্সেল এন্টারটেইনমেন্ট থেকে কিছু বলা হয়নি।

সূত্র: কোইমোই