নিজের কাজটা মন দিয়ে করো। লোকে কী বলে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই—কথাটা বলিউডের সিনেমা নির্মাতা জয়া আখতারের। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন দি আর্চিজ। নেটফ্লিক্সের জন্য নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন সুহানা খান, খুশি কাপুর ও অগস্ত্য নন্দ। তারকা সন্তানদের নিয়ে নির্মিত এ সিরিজ। ফলে নানা সময়ই বিতর্ক ও বিদ্রুপের মুখে পড়তে হয়েছে তাকে। বিশেষত গত কয়েক বছর নেপোটিজম নিয়ে বলিউডে নানা কথা হয়েছে। সে ধারা থেকে নেটফ্লিক্সের এ সিরিজও রেহাই পায়নি। কিন্তু জয়া মনে করেন, স্টার কিড হওয়া কারো অপরাধের বিষয় নয়। তারা তাদের কাজ দিয়ে নিজেদের প্রতিভা প্রমাণ করতে পারেন।
সিরিজটির পোস্টার প্রকাশ হয়েছিল কিছুদিন আগে। এরপর ফার্স্ট লুক আসে ব্রাজিলে নেটফ্লিক্সের ইভেন্ট তুডুমে। সিরিজের মুক্তি নিয়ে সবাই খুশি, কিন্তু এর মধ্যে নানা নেতিবাচক সময় ও বিভিন্ন মন্তব্য পার করতে হয়েছে সবাইকে। এসবের মধ্যে সব কেমন করে সামলে নিয়েছেন, সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দিনশেষে আমরা সবাই বড় হয়ে যাই। আর এ সময়টায় আমরা আমাদের স্বপ্নের পেছনে ছুটি। আমরা আমাদের বাবা-মায়েদের সম্মান করি আর তাদের মতোই হতে চাই। একসময় তা করেও থাকি। ব্যাপারটা খুবই সরল। এ নিয়ে অন্য কোনো বিতর্ক তোলার প্রয়োজন নেই।’
জয়া নিজেও একজন স্টার কিড। ফলে সুহানা, অগস্ত্য বা খুশির সমস্যাগুলো তিনি ভালোই বুঝতে পারেন। নেতিবাচক মন্তব্য ও প্রভাব থেকে এদের বাঁচিয়ে রাখার দায়িত্বটা তাই জয়ারই ছিল। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘এড়িয়ে যাওয়ার কিছু নেই। কেউ আঘাত করলে সেটা সহ্য করে নিতে হবে। চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে ও কাজের মাধ্যমেই সমালোচকদের জবাব দিতে হবে।’
জয়া আখতার চলচ্চিত্র নির্মাণের সময় কেবল সেটি নিয়েই চিন্তা করেন। বাইরের কোনো মন্তব্যে প্রভাবিত হন না। তিনি বলেন, ‘বাইরের কোনোকিছু তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। মানুষ কী বলবে, তা আমাদের থামানো সম্ভব নয়। আমরা নিজেদের কাজটাকে ভালো করব। এছাড়া লোকের কথায় কান দেয়া উচিত নয়।’ আর্চিজে জয়ার সঙ্গে কাজ করা তরুণ অভিনেতাদেরও তিনি এ কথাই বলেছেন।
আর্চিজে ষাটের দশকের আবহ এনেছেন জয়া। এজন্য তার ছয় অভিনেতাদের তিনি নানাভাবে তৈরি করেছেন। জয়া বলেন, ‘ওদের কমিকটা পড়তে দিয়েছি। কারণ গল্পটা ওদের সময়ের নয়। গল্পের সময়টা আগে বোঝাতে হয়েছে। এছাড়া ওরা সবাই নতুন, তাই কয়েকটা ওয়ার্কশপের মাধ্যমে ক্যামেরা, লাইট, বিভিন্ন ধরনের শট, ক্যামেরার নানা বিষয়ও বুঝিয়ে দিয়েছি।’
জয়া জানিয়েছেন, তার সঙ্গে কাজ করা এ তরুণ দলটির সবাই পরিশ্রমী। তাদের নিয়ে কাজ করে জয়া সন্তুষ্ট। সিরিজটি ভালো হবে বলেই মনে করেন তিনি। আপাতত পোস্ট প্রডাকশনের কাজ চলছে। সেটি শেষ হলে স্ট্রিমিংয়ের তারিখ জানানো হবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










