ইত্যাদির প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ। সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রুপের কষাঘাত গান, অভিনয়, নৃত্য সবকিছুতেই ফুটিয়ে তোলা হয়। ঈদ ইত্যাদিতে পরিবেশিত দলীয় সংগীতও তেমনই একটি পর্ব।
এ পর্বে মূলত সমাজের বিভিন্ন অনিয়ম, অসংগতি তুলে ধরা হয়। সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় দেখার চোখ ও বিবেকের চোখ নিয়ে। আমাদের সংস্কৃতি আমাদের শিকড়, অথচ এখন অনেক কিছুই শিকড় থেকে সরিয়ে বিকৃত স্বীকৃতি পাচ্ছে। এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এ পর্বে অংশগ্রহণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্যে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল ও নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।
ফাগুন অডিও ভিশন জানায় শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এ নাচকে সুন্দর করার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এ দলীয় সংগীত দর্শককে আনন্দ দেবে।
প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।









