বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’। ২০১২ সালে মুক্তি পায় কবীর খান পরিচালিত এ সিরিজের প্রথম ছবি ‘এক থা টাইগার’। যার নাম ভূমিকায় ছিলেন সালমান খান, বিপরীতে ক্যাটরিনা কাইফ। তারা যথাক্রমে ভারতীয় ও পাকিস্তানি গুপ্তচর চরিত্রে অভিনয় করেন।

অবিনাশ সিং রাঠৌর তথা ‘টাইগার’-এর চরিত্রে দর্শক ও সমালোচকদের মন জয় করে নেন সালমান। দুর্দান্ত ব্যবসার সুবাদে ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর এখন তো ইয়াজরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সূচনা ধরা হচ্ছে এ সিরিজকে।

আগামী নভেম্বরে মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। বোঝাই যাচ্ছে, কতটা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। মজার বিষয় হলো, প্রযোজক আদিত্য চোপড়া কিন্তু টাইগার চরিত্রে প্রথমেই সালমানকে ভাবেননি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ‘এক থা টাইগার’ ছবির চিত্রনাট্য লেখার পর টাইগার চরিত্রের প্রস্তাব নিয়ে প্রথমে নাকি শাহরুখ খানের কাছে গিয়েছিলেন আদিত্য। গুপ্তচর ঘরানার ছবি করতে আগ্রহও দেখিয়েছিলেন শাহরুখ। কিন্তু অনিবার্য কারণে ‘টাইগার’-এর কাজ পিছিয়ে যাওয়ার পরে ওই সময় একই হাউসের ‘জাব তাক হ্যায় জান’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শাহরুখ। আর প্রেমের ছবির ঠিক পরেই নাকি অ্যাকশন হিরোর চরিত্রে নিজেকে দেখতে চাননি তিনি।

এমনও শোনা যায়, ওই ছবির জন্য সালমানের নাম সুপারিশ করেছিলেন শাহরুখ নিজেই। কিং খানের বিচারবুদ্ধির ওপর আস্থা রেখে আদিত্য ‘এক থা টাইগার’-এর জন্য ভাইজানকেই চূড়ান্ত করেন।

তবে ‘টাইগার’-এর সুযোগ ছাড়লেও ইয়াশরাজের স্পাই ইউনিভার্সে ঠিকই জায়গা পেয়েছেন শাহরুখ। এ সিরিজের ‘পাঠান’-এর মাধ্যমে চলতি বছরের শুরুতে হয় তার বহুল প্রতিক্ষীত কামব্যাক। আর ব্লকবাস্টার সিনেমাটি ভেঙেছে একের পর এক রেকর্ড।

‘পাঠান’-এ শাহরুখের পাশাপাশি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল সালমানকেও। যেখানে গুরুত্বপূর্ণ মুহূর্তে টাইগারকে বাঁচাতে হাজির হয় পাঠান। এখন ‘টাইগার থ্রি’তে সেই উপকার ফিরিয়ে দেবে পাঠান। তবে এ সিরিজের পরের সিনেমায় দুই স্পাই চরিত্রকে পরস্পরের বিরুদ্ধে দেখা যাবে, এমনই খবর শোনা যাচ্ছে। যার নাম হবে ‘টাইগার ভার্সেস পাঠান’।