মাইকেল জ্যাকসনের বিখ্যাত মুনওয়াক নাচের কথা কে না জানে! চার দশক আগে তিনি প্রথমবার মঞ্চে মুনওয়াক করেন। মাইকেলের নাচের বিশেষত্বের পাশাপাশি পোশাকেও ছিল বিশেষত্ব। তিনি হ্যাট পরতেন আর প্রথম মুনওয়াকের আগে তার হ্যাটটি খুলে ছুড়ে দিয়েছিলেন মঞ্চের এক পাশে। সে ঐতিহাসিক হ্যাটটি এবার নিলামে উঠছে। নিলামটি হবে প্যারিসে।
এ মাসের ২৬ তারিখ প্যারিসে দ্রুও হোটেলে একটি নিলাম অনুষ্ঠিত হবে। সেখানেই থাকছে মাইকেল জ্যাকসনের হ্যাটটি। ধারণা করা হচ্ছে কালো রঙের ফিদোরা হ্যাটটি নিলামে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরোয় (৬৪ হাজার-১ লাখ ৭ হাজার ডলার) বিক্রি হবে। প্যারিসে অনুষ্ঠিতব্য এ নিলামে ২০০টির বেশি আইটেম থাকবে। কিন্তু মাইকেল জ্যাকসনের হ্যাটটিই আগ্রহের কেন্দ্র হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু জ্যাকসনের ব্যবহার করা নানা জিনিসের মূল্য আগের তুলনায় কমে গেছে বলে জানিয়েছেন নিলাম সংশ্লিষ্টরা। এ নিয়ে নিলাম আয়োজক আর্থার পেরেল বলেন, ‘ইদানীং তার নামে নানা নকল আইটেম বিক্রি হওয়ায় এর চাহিদা ও মূল্য কমে গেছে।’
এছাড়া আরো কিছু কারণ আছে। জ্যাকসনের বিরুদ্ধে আছে শিশু নিগ্রহসহ নানা অভিযোগ। এসব সত্যমিথ্যা বিবেচনার সময় সব মানুষের নেই। তবে অভিযোগের প্রভাব পড়েছে জ্যাকসনের জনপ্রিয়তায় এবং সে কারণে তার অধিকারে থাকা ব্যবহৃত বস্তুগুলোর মূল্যমানও কমেছে। কিন্তু মুনওয়াকের আবেদন কমেনি। ১৯৮৩ সালে তিনি প্রথম এ নাচ করেন।
সে পারফরম্যান্সে মাইকেল যেন কোনো কসরত ছাড়াই কাজটি করেছিলেন। এরপর মুনওয়াক তার ট্রেডমার্ক হয়ে যায়। সেদিন এটি করার আগে যখন হ্যাটটি ছুড়ে ফেলেছিলেন, কেউ হয়তো ভাবেনি একদিন সেটি নিলামে উঠবে।
তবে কেউ একজন দূরদর্শী সে হ্যাট তুলে নিয়েছিলেন। পেরল বলেন, ‘সে ব্যক্তি মনে করেছিল কনসার্টসংশ্লিষ্ট কেউ এসে হ্যাটটি নিয়ে যাবে।’ কিন্তু হ্যাট কেউ নেয়নি এবং এরপর অজ্ঞাত সে ব্যক্তির কাছ থেকে হ্যাটটি আগ্রহী কয়েকজন সংগ্রাহকের হাত ঘুরেছে। এবার সেটিকে নিয়ে আসা হচ্ছে প্যারিসে। হ্যাটটি নিলামে তোলা হবে, কিন্তু এর ভিত্তিমূল্য জানানো হয়নি।
কেবল জ্যাকসনের হ্যাটই নয়, নিলামে থাকছে আরো নানা আইটেম ও এগুলোর মধ্যে বেশ কয়েকটিই গায়ক-গায়িকাদের। নিলামে থাকবে টি-বোন ওয়াকারের একটি গিটার। ধারণা করা হচ্ছে এর দাম উঠবে ১ লাখ ৫০ হাজার ইউরোর কাছাকছি। নিলামে আরো থাকছে ম্যাডোনার একটি গোল্ড রেকর্ড ও ফ্রেডি মার্কারির পিয়ানো।
সূত্র: ইয়ন










