গত ১৯ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় দৃশ্যম টু। মালয়ালম ইন্ডাস্ট্রির সুপারস্টার মোহনলাল অভিনীত ছবিটি সমালোচক-দর্শক সবারই প্রশংসা কুড়িয়েছে। ছবিতে পরিচালক জিতু জোসেফ দীর্ঘ সময় পর্যন্ত সাসপেন্স ধরে রেখেছেন। দর্শক ছবিজুড়েই টান টান উত্তেজনা অনুভব করেছে। কাহিনীর গতিপথও আগে থেকে অনুমান করা যায়নি।

দৃশ্যম টুতে যথারীতি প্রশংসিত হয়েছে মোহনলালের অভিনয়। বাহুবলির পরিচালক এসএস রাজমৌলি মোহনলাল অভিনীত ছবিটিকে মাস্টারপিস হিসেবে উল্লেখ করেছেন। গত পরশু সকালে রাজমৌলি টেক্সট মেসেজ পাঠিয়েছেন জিতু জোসেফকে। আর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জিতু। দৃশ্যম টু নিয়ে বাহুবলির পরিচালকের বার্তা দৃষ্টি কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের।

জিতু জোসেফকে পাঠানো বার্তায় এসএস রাজমৌলি লিখেছেন, ‘হাই জিতু, আমি রাজমৌলি। চলচ্চিত্র পরিচালক...কয়েকদিন আগে দৃশ্যম টু দেখলাম। এটা মনে এতটাই নাড়া দিয়েছে যে দৃশ্যমের প্রথম পর্বটি আবারো দেখলাম। আমাকে অবশ্যই বলতে হবে যে পরিচালনা, চিত্রনাট্য, সম্পাদনা...সব কাজই অসাধারণ হয়েছে...বিশেষত বলতে হয় কাহিনীটা সত্যিই ভিন্ন রকম হয়েছে...এটা বিশ্বমানের...প্রথম পর্বটি নিজেই একটা মাস্টারপিস। দ্বিতীয়টার গল্পও অনায়াসে প্রথম কাহিনীর সঙ্গে জুড়ে গেছে, একই রকম মনোযোগ কেড়ে নেয়া বিবরণী...আপনার কাছ থেকে আরো অনেক মাস্টারপিস দেখতে চাই।’

জিতু জোসেফ ইনস্টাগ্রামে রাজমৌলির পাঠানো বার্তাটি শেয়ার করে লিখেছেন, ‘রাজমৌলি স্যার, আপনাকে ধন্যবাদ। আমি সম্মানিত। আমি আজ খুব আনন্দিত।’

অন্যদিকে মোহনলাল সম্প্রতি দৃশ্যম টুয়ের সাফল্যের জন্য ছবির টিমকে ধন্যবাদ জানিয়ে একটি নোট লিখেছেন, ‘দৃশ্যম টু নিয়ে সবার বিপুল সাড়া পেয়ে আমি আনন্দিত। আপনারা অনেকেই ছবিটি দেখেছেন এবং এর প্রশংসা করছেন। দৃশ্যম টুয়ের সাফল্য প্রমাণ করে যে দুনিয়াজুড়ে সিনেমাপ্রেমীরা ভালো কাজের প্রশংসা করেন এবং তাকে সমর্থন দেন।...দৃশ্যম টুয়ের পুরো টিমকে আমার অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ।’

দৃশ্যম টু পরিচালনা করেছেন জিতু জোসেফ এবং আশীর্বাদ সিনেমার ব্যানারে প্রযোজনা করেছেন অ্যান্থনি পারামবাভুর।

 

সূত্র: পিংকভিলা