রোববার বসেছিল ফিল্মফেয়ারের ৬৯তম আসর। ভারতীয় সিনেমার সবচেয়ে মর্যাদার পুরস্কার ধরা হয় ফিল্মফেয়ারকে। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমার ওপর ভিত্তি করে দেয়া হয়েছে এবারের পুরস্কার। প্রথম সারির পুরস্কারগুলো গেছে এবার কাপুরদের ঘরে। কেবল রণবীর নন, সঙ্গে পুরস্কার জিতেছেন আলিয়াও। গত বছরের মতো এবারো আলিয়া এগিয়ে ছিলেন সমালোচক ও দর্শকের বিচারে। আর ‘অ্যানিমেল’ দিয়ে এগিয়ে গেছেন রণবীর। এরই মধ্যে বছরের শেষে আসা ‘টুয়েলফথ ফেইল’ দিয়ে বাজিমাত করেছেন বিধু বিনোদ চোপড়া। সেই সঙ্গে পুরস্কৃত হয়েছেন এ সিনেমার অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
ফিল্মেফেয়ার সাধারণত অনেক বিভাগে পুরস্কার দিয়ে থাকে। এ বছরও ব্যতিক্রম ছিল না। জনপ্রিয় ধারায় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে টুয়েলফথ ফেইল। সিনেমার নির্মাতা বিধু বিনোদ চোপড়া হয়েছেন সেরা পরিচালক। একই সিনেমার জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি। এক গণ্ডগ্রামের ছেলে আইপিএস অফিসার হওয়ার এ গল্প মন ছুঁয়ে গেছে বহু দর্শকের। সিনেমাটি বক্স অফিসে তেমন ব্যবসা করেনি, কিন্তু ওটিটিতে আসার পর বিশ্বময় এর প্রশংসা হয়েছে। আবেগী গল্পের পাশাপাশি টুয়েলফথ ফেইলের নির্মাণ ও সিনেমাটোগ্রাফির প্রশংসা এসেছে সমালোচকদের কাছ থেকে।
তবে সমালোচকদের বিচারে সেরা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘ জোরাম’। সিনেমাটির পরিচালক দেবাশীষ মাখিজা এবং এতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী ও মোহাম্মদ জিসান আইয়ুব। প্রায় অপরিচিত ও অজনপ্রিয় সিনেমাটির নির্মাণশৈলী পছন্দ করেছেন সমালোচকরা। সেরা গল্পের পুরস্কারও পেয়েছেন দেবাশীষ। ‘ওএমজি টু’র জন্য যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন অমিত রাইও।
অ্যানিমেল নিয়ে দর্শক সমালোচকের নানা সমালোচনা থাকার পরও সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। রকি অউর রানি কি প্রেম কাহানির জন্য পুরস্কার পেয়েছেন আলিয়া। তবে দুটোই জনপ্রিয় ধারায়। সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রী রানী মুখার্জি ও শেফালি শাহ। রানীকে মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে ও শেফালিকে থ্রি অব আসের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। থ্রি অব আসের জন্য সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন অবিনাশ অরুণ।
এদিকে এ বছর ভিকি কৌশল জিতে নিয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। স্যাম বাহাদুর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত অভিনয় করেও তিনি পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘ডাঙ্কি’র জন্য। আর এদিকে রকি অউর রানীর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন শাবানা আজমী।
ফিল্মফেয়ারের এ আসরে বেশকিছু নতুন নাম সামনে এসেছে। দেবাশীষ মাখিজার কথা বলা যায়। এছাড়া সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন ভূপিন্দর বব্বল। অ্যানিমেলের একটি গানের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। তবে প্লেব্যাক গায়িকার পুরস্কারটি পেয়েছেন শিল্পা রাও পাঠানের বেশরম রঙ গানের জন্য। শিল্পার এ পুরস্কার পাওয়া মোটামুটি নিশ্চিত ছিল। বেশরম রঙ ও চালেয়ায় তার গায়কী প্রশংসিত হয়েছে সবার কাছে।
টেকনিক্যাল ক্যাটাগরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারটি জিতেছে জওয়ান। গত বছর ভারতের সর্বোচ্চ ব্যবসা করা এ সিনেমার ভিজুয়াল ইফেক্টের জন্য সেরা ভিএফএক্সের পুরস্কার পেয়েছে রেড চিলিজ ভিএফএক্স। সেরা এডিটিং টুয়েলফথ ফেইল ও সেরা প্রডাকশন ডিজাইনের পুরস্কার গেছে স্যাম বাহাদুরের ঘরে।
এবারের ফিল্মফেয়ার উপস্থাপনা করেছেন করণ জোহর ও আয়ুষ্মাণ খুরানা। পারফর্ম করেছেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, বরুণ ধাওয়ান ও কার্তিক আরিয়ান।
এক নজরে
সেরা সিনেমা (জনপ্রিয়)
টুয়েলফথ ফেইল
সেরা পরিচালক
বিধু বিনোদ চোপড়া
সেরা অভিনেতা (জনপ্রিয়)
রণবীর কাপুর
সেরা অভিনেত্রী (জনপ্রিয়)
আলিয়া ভাট
সেরা সিনেমা (সমালোচক)
জোরাম
সেরা অভিনেতা (সমালোচক)
বিক্রান্ত ম্যাসি
সেরা অভিনেত্রী (সমালোচক)
রানী মুখার্জি, শেফালি শাহ
সেরা পার্শ্ব অভিনেতা
ভিকি কৌশল
সেরা পার্শ্ব অভিনেত্রী
শাবানা আজমী










