ক্যামেরার সামনে কাজল মানেই দর্শকপ্রিয় ছবি। ২০২১ সালের প্রথম দিনে এ অভিনেত্রী সবাইকে চমকে দিলেন তার অভিনীত ত্রিভঙ্গ ছবির টিজার শেয়ার করে। এর সঙ্গে জানিয়ে দিলেন ছবিটি মুক্তির দিনক্ষণও। আর ছবিটি দিয়েই ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স ডেব্যু হচ্ছে কাজলের।
ছবিটির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন রেনুকা শাহানে। ছবিটি তৈরি হয়েছে অজয় দেবগন ফিল্মসের ব্যানারে। কাজলের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন তানভি আজমি ও মিথিলা পার্কার।
ওড়িশি নৃত্যের একটি ভঙ্গির নাম ত্রিভঙ্গ। গল্পের কাহিনী তিন নারীকে নিয়ে আবর্তিত। ছবিতে যাদের নাম নয়ন, অনুরাধা ও মাশা—এ তিন চরিত্রের একটিতে হাজির হবেন কাজল। শুক্রবার টুইটারে ছবিটির মুক্তির তারিখ লিখে কাজল টুইট করেন, ত্রিভঙ্গ- তেড়ি মেড়ি ক্রেজি (বাঁকা, ত্যাড়া, পাগলাটে) তবে আবেদনময়। ১৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শুধু নেটফ্লিক্সেই।
পরিচালক রেনুকা শাহানেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির মুক্তির কথা জানিয়ে লিখেছেন, ‘প্রিয় কাজল, তানভি, মিথিলা কিংবা আমার বোধহয় বলা উচিত যে প্রিয় অনু, নয়ন ও মাশা—ছয় বছরের জন্য এ চরিত্রগুলো শুধুই আমার ছিল, আমি তাদের জন্ম দিয়েছি, লালন করেছি, আকার দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, কখনবা বিরক্ত করেছি, এর পর এ চরিত্রগুলো তোমাদের হয়েছে। তোমরা চরিত্রগুলোকে নিজের করে নিয়েছ। তোমাদের রক্তে-মাংসে, শক্তি-দুর্বলতায়, হাসি-কান্নায় চরিত্রগুলোকে এতটাই বাস্তব করে তুলেছ যা আমি কল্পনাও করিনি।’
অনলাইন স্ট্রিমিং দুনিয়ায় এরই মধ্যে বলিউডের অনেক তারকাই নাম লিখিয়েছেন। যেমন সাইফ আলী খান, নওয়াজুদ্দীন সিদ্দিকী, মনোজ বাজপেয়ি, রাধিকা আপ্তে। অভিনয় দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন তারা। শোনা যাচ্ছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন কিংবা প্রিয়াংকা চোপড়াদের কথাও। সে ধারাবাহিকতায় ভক্তদের চাহিদাই যেন পূরণ করলেন কাজল। তথ্যমতে, ত্রিভঙ্গের গল্প একই পরিবারের তিন প্রজন্মের তিন নারীর। তিনজনের স্বপ্ন ও জীবনযাপনে পার্থক্য রয়েছে, জীবনকে ঘিরে রয়েছে আলাদা দৃষ্টিভঙ্গি। তিন নারীর জীবনবোধের দ্বন্দ্ব ধরেই এগিয়ে চলে ছবির গল্প।
উল্লেখ্য, ২০২০ সালজুড়ে কাজলকে দেখা গেছে মাত্র দুটি ছবিতে। বড় পর্দার জন্য তানহাজির পর স্বল্পদৈর্ঘ্য ছবি দেবীতে কাজ করেছেন। সামাজিক সচেতনামূলক ছবি হিসেবে দেবী ভীষণ আলোচিত ও প্রশংসিত হয়।
সূত্র: ডিএনএ










