ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে শীর্ষে আছেন অজয় দেবগন। তিনি সিনেমায় ক্যামিওর জন্য প্রতি মিনিটে সাড়ে ৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।
মাত্র তিন দশক আগেই প্রথমবারের মতো ভারতীয় কোনো অভিনেতা সিনেমার পারিশ্রমিক গ্রহণে কোটি রুপি ছাড়িয়েছিলেন। বলা হয়, এর পর থেকেই ভারতীয় সুপারস্টারদের পারিশ্রমিক বহুগুণে বেড়েছে। অনেক তারকাই সিনেমাপ্রতি ১০০ থেকে ২০০ কোটি রুপি পারিশ্রমিকও নিয়ে থাকেন। আবার অনেক সুপারস্টারই সিনেমায় প্রতি মিনিটের ক্যামিওর জন্য ২-৩ কোটি রুপি পারিশ্রমিক নেন।
বেশি পরিমাণ পারিশ্রমিকের কথা মাথায় এলে মনে হতেই পারে বলিউড কিং শাহরুখ খান অথবা সালমান খান, আমির খান, প্রভাস, রজনীকান্ত অথবা থালাপতি বিজয়ের নাম। তবে এসব ফিল্ম সুপারস্টারদের পেছনে ফেলে এগিয়ে আছেন অজয় দেবগন। এ অভিনেতা সিনেমায় মাত্র ৮ মিনিটের একটি ক্যামিওর জন্য ৩৫ কোটি রুপি আয় করেছেন, যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা বানিয়েছে। অজয় দেবগন ২০২১ সালে এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ সিনেমায় খুবই স্বল্প সময়ের জন্য সংক্ষিপ্ত ভূমিকায় ছিলেন। পুরো সিনেমার বাজেট ছিল ৫০০ কোটি রুপি এবং অজয় দেবগন ৩৫ কোটি রুপি নিয়েছিলেন। এর অর্থ দাঁড়ায় অভিনেতা অজয়ের প্রতি মিনিটের পারিশ্রমিক ছিল সাড়ে ৪ কোটি রুপির বেশি। একটি কল্পনার দৃশ্যের মধ্য দিয়েই সিনেমায় শ্রেয়া শরণের সঙ্গে অজয়কে ক্যামিও করতে দেখা গেছে।
কেন এত বেশি পারিশ্রমিক চার্জ করেছিলেন অজয়? তিনি চলচ্চিত্রে তার কাজের ধরন বা কী ধরনের ভূমিকা পালন করতে হবে এবং সিনেমার বাজেটের ওপর নির্ভর করে পারিশ্রমিক দাবি করেন। তাই সবসময় তার পারিশ্রমিক এত বেশি হয় না। এমনকি অভিনেতা সম্পূর্ণ একটি সিনেমার জন্যও একই পরিমাণ অর্থ চার্জ করেন এবং সিনেমার আয়ের ৫০ শতাংশ লাভ তিনি নিয়ে থাকেন। এর অর্থ দাঁড়ায় ‘তানাজি’ ও ‘দৃশ্যম-২’-এর মতো সিনেমায় তার পারিশ্রমিক ছিল ১০০ কোটি রুপির বেশি।
চলতি বছর আগস্টে মুক্তি পেতে চলেছে অজয়ের আইকনিক চরিত্রের ‘বাজিরাও সিংহাম’ সিরিজের তৃতীয় পর্ব। দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ বেশকিছু তারকামুখ দেখা যাবে পরিচালক রোহিত শেট্টির বড় বাজেটের সিনেমা ‘সিংহাম এগেইন’-এ।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া










