আজ থেকে হইচইয়ে স্ট্রিম হবে শিহাব শাহীন পরিচালিত সিরিজ ‘গোলাম মামুন’। সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। আছেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ। এ সিরিজেই অভিনয় করেছেন সৈয়দ নাজমুস সাকিব। ‘বুকের মধ্যে আগুন’-এও ছিলেন তিনি। একই চরিত্রে আবারো ফিরছেন। পেশায় শিক্ষক হলেও অভিনয় তার প্যাশন। একটা সময় নিয়মিত লেখালেখি করতেন সিনেমা নিয়ে। এরপর শিক্ষকতার পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন।
‘গোলাম মামুন’ সিরিজে নিজের চরিত্র নিয়ে নাজমুস সাকিব বলেন, ‘আমার চরিত্রের নাম মিলন। গোলাম মামুনের সহকারী ও বন্ধু। গল্প অনুসারে, একটা কেসে ফেঁসে যান গোলাম মামুন। তাকে সাহায্য করার মতো একমাত্র ব্যক্তি মিলন। অবশ্য ততদিনে মিলনের পোস্টিং হয়েছে ট্যুরিস্ট পুলিশে। তবু গোলাম মামুন আমার কাছে মানে মিলনের কাছে সহায়তা চায়। এ চরিত্রেই বেশ কয়েকটা এপিসোডে থাকছি।’
নাজমুস সাকিব ওটিটিতে অভিনয় শুরু করেছিলেন সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ট্রল’ দিয়ে। এরপর ‘এই মুহূর্তে’, ‘ইউটিউমার’ ও ‘মহানগর’ সিরিজে। মহানগরে খুব কম স্ক্রিন টাইম থাকলেও একটা সংলাপ জনপ্রিয় হয়েছিল। এছাড়া নিয়মিত টিভি নাটক ও ইউটিউব চ্যানেলের নাটকেও দেখা যায় তাকে। তিনি অভিনয় শুরু করেছিলেন ২০১৬ সালে।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুস সাকিব ছাত্রদের কাছেও জনপ্রিয়। শিক্ষকতার পাশাপাশি অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘প্যাশন থেকেই অভিনয় করি। চেষ্টা করি, শুট যেন ক্লাসের পরে থাকে। রাতের দিকে শুট করি। শিক্ষকতা তো ছাড়ার ইচ্ছা নেই। অভিনয় যেমন ভালোবাসি, পড়াতেও ভালোবাসি। ভালো কাজের সঙ্গে থাকতে চাই, তা শিক্ষকতার মাধ্যমে হোক বা অভিনয়।’
সিনেমা ও বিনোদন অঙ্গন নিয়ে ১২ বছর লেখালেখিও করেছেন নাজমুস সাকিব। ‘সিনেম্যান’ ও ‘সিনেমামা’ নামে দুটি বইও প্রকাশ হয়েছে। এ অভিনেতা জানালেন গোলাম মামুনের পর ঈদেও একটি নাটকে দেখা যাবে তাকে।










