জন আব্রাহাম মোটরবাইক পছন্দ করেন। ‘ধুম’-এ সেটা দেখা আছে। ‘পাঠান’-এর সাফল্যের পর জনকে একটি সুজুকি হায়াবুসা উপহার দিয়েছিলেন শাহরুখ খান। সিনেমাটির এ সফলতা উদযাপনের জন্য দেয়া পার্টিতে আসতে পারেননি জন। তিনি ক্লান্ত ছিলেন। শাহরুখকে জানিয়েছিলেন তিনি ঘুমাতে চান। বলিউডের কিংও মেনে নেন জনের আবেদন। পরে সহশিল্পী ও পাঠানের খলনায়ক জিমকে উপহার দেন ১৭ লাখ রুপি দামের বাইকটি। 

সম্প্রতি জন আব্রাহাম নিজেই বিষয়টি প্রকাশ করেছেন টেলিভিশন শো ‘আপকা আপনা জাকির’-এ। সেখানে তিনি বলেন, ‘আমার সর্বশেষ সিনেমা পাঠানের সাকসেস পার্টি ছিল। সিনেমাটি মুক্তির কিছুদিন পরই এর আয়োজন হয়েছিল। আমার মনে আছে, শাহরুখ খান এসে বলেছিলেন, ‘‘জন চলো আমরা পার্টি করি। আমাদের সিনেমা বেশ ভালো চলছে। দারুণ ওপেনিং পেয়েছি আমরা।’’ এ কথা শুনে আমি বলেছিলাম, ‘‘আমার ঘুমানো দরকার।’’ শাহরুখ মানতে চাননি, কিন্তু আমার আসলেই ঘুমানো দরকার ছিল।’

মূলত এ সিনেমার পর জন যথেষ্ট ক্লান্ত ছিলেন। সে কারণেই তিনি পার্টিতে যেতে চাননি। এদিকে শাহরুখের এমন স্বভাব যে তিনি সহ-অভিনেতা ছাড়া পার্টি করতেও চান না। তিনি জনকে জিজ্ঞেস করেছিলেন, ‘কী চাও তুমি? কী দিতে পারি?’ জন বলেছিলেন, ‘একটা মোটরসাইকেল দাও।’

শাহরুখ সে কথা মনে রেখেছিলেন এবং সাকসেস পার্টি শেষ হতেই জনের কাছে পৌঁছে গিয়েছিল একটি বাইক। এমনিতে জনের সঙ্গে শাহরুখের সম্পর্ক দারুণ। পাঠানের অনেক আগেই তারা পেপসির বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন। পাঠানেও তাদের অ্যাকশন সিকোয়েন্স দর্শক পছন্দ করেছে। শাহরুখ সম্পর্কে জন বলেন, ‘আমি এখন গর্ব করে বলতে পারি, শাহরুখ ভারতের এক নম্বর অ্যাকশন হিরো আর আমি তার সঙ্গে অভিনয় করেছি।’

পাঠানের সাফল্য কারো অজানা নয়। সিনেমাটি ভারতে আয় করেছে প্রায় ৫৪৩ কোটি রুপি। এছাড়া বন্ধুদের উপহার দেয়ার বিষয়েও শাহরুখের সুনাম আছে। ‘ওম শান্তি ওম’ সিনেমার টাইটেল গানে অনেকেই পারফর্ম করেছিলেন, কিন্তু কোনো পারিশ্রমিক নেননি। এরপর শাহরুখ সবাইকে দামি ঘড়ি উপহার দিয়েছিলেন।

সূত্র ও ছবি: ইন্ডিয়া টুডে