১৪ ও ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে ‘অপেরা’র ১৫তম প্রযোজনা, নাটক "ক্লোজেট ল্যান্ডের নবম ও দশম মঞ্চায়ন হতে যাচ্ছে। নাট্যকার রাধা ভরদ্বাজের আলোচিত ইংরেজি নাটক ক্লোজেট ল্যান্ডের বাংলা অনুবাদ করেছেন নাহিদ স্মৃতি। নাট্যকারের অনুমতি সাপেক্ষে (রয়্যালটি প্রদান করে) প্রথমবারের মতো নাটকটি বাংলাদেশের মঞ্চে মঞ্চায়িত হচ্ছে। সাজ্জাদ সাব্বিরের নির্দেশনায় ১৫ ডিসেম্বর ২০২৩ ঢাকার মঞ্চে উদ্বোধনী মঞ্চায়ন হয় ক্লোজেট ল্যান্ড"নাটকের।
নাটকে নাম অনুল্লিখিত একজন শিশু সাহিত্যিক একটি ছোট্ট শীতল কক্ষে মুখোমুখি হন নাম না জানা একজন জিজ্ঞাসাবাদকারী অফিসারের। শুরু হয় এক বাঘবন্দি খেলা!
জিজ্ঞাসাবাদকারী অফিসার আর বন্দি সাহিত্যিকের কথোপকথন যত গভীরে যেতে থাকে ততই এমন সব গোপনীয়তা উন্মোচিত হতে থাকে, যা আরো গভীরতর প্রশ্ন সামনে এনে দাঁড় করায়।
নাহিদ স্মৃতি ও সাজ্জাদ সাব্বির অভিনীত দুই চরিত্রের নাটকটিতে উঠে এসেছে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, শিশু নির্যাতনসহ সুশীল সমাজের নিস্ক্রিয় অবস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
নির্দেশনার পাশাপাশি মঞ্চ, আলো ও পোশাক পরিকল্পনাও করেছেন সাজ্জাদ সাব্বির। আলোক প্রক্ষেপণে নাফিদ মোমেন মনি, ইফতেখার রেজা শিখর, সৌরভ পাল। প্রযোজনা অধিকর্তা মাহাবুব আলম শাহীন।
নাটক প্রসঙ্গে নির্দেশক সাজ্জাদ সাব্বির বলেন, ‘অনেক দিন থেকেই অদ্ভুত এক নীরবতার সময় পার করছি আমরা। যেন সবাই ভয়ে নিশ্চুপ হয়ে আছি! ভয় অজানার, ভয় নতুনের, ভয় অপমানের, ভয় সুবিধা হারানোর! রাধা ভরদ্বাজ তার ক্লোজেট ল্যান্ড"নাটকে নাটকের চরিত্রকে এমনই এক ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে ভয়েরই বিরুদ্ধে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করছেন।’
অপেরা দলপ্রধান মাহাবুব আলম শাহীন বলেন, ‘গত বছরের ডিসেম্বরে আমরা ক্লোজেট ল্যান্ড নাটকটি মঞ্চে আনতে সক্ষম হই। প্রথম মঞ্চায়নের পর থেকেই একটি ‘‘সাহসী’’ প্রযোজনা হিসেবে আখ্যায়িত হয়ে নাটকটি দর্শকমহলে দারুণ প্রশংসা অর্জন করেছে।’
নাটকের টিকিট পাওয়া যাবে প্রদর্শনীর দিন বিকাল ৪টা থেকে মহিলা সমিতির টিকিট কাউন্টারে।










