বাংলাদেশের অভিনেতাদের কনটেন্ট নিয়ে যাত্রা করেছে ভারতের একটি ওটিটি। কলকাতার নতুন এই ওটিটি প্লাটফর্মের নাম ‘ফ্রাইডে’। মোশাররফ করিম ও জাকিয়া বারী মম অভিনীত নতুন একটি সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছে প্লাটফর্মটি। উদ্বোধনের পরই প্লাটফর্মটিতে স্ট্রিমিং হচ্ছে বাংলাদেশী নির্মাতা আবু হায়াত মাহমুদের সিরিজ ‘ভালোবাসা’। ফ্রাইডে বাংলাদেশ থেকেও দেখা যাবে বলে জানিয়েছেন এ প্লাটফর্মের এক কর্মকর্তা।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রা শুরু হয় ফ্রাইডের। এর পরই স্ট্রিমিং হয় আবু হায়াত মাহমুদের চার পর্বের সিরিজটি। এটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড। ফ্রাইডেতে ভালোবাসা মুক্তি পেয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্লাটফর্মটির পোস্ট-প্রডাকশন ও কারিগরি প্রধান প্রদীপ রায়।

কলকাতা থেকে প্রদীপ রায় বলেন, ‘বাংলাদেশের এ কনটেন্টসহ আমাদের নিজস্ব আরো অনেকগুলো কনটেন্ট দিয়ে শনিবার সন্ধ্যায় ফ্রাইডে যাত্রা শুরু করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের দর্শক আমাদের কনটেন্ট উপভোগ করতে পারবে।’

দেশের বাইরে একটি নতুন প্লাটফর্মের উদ্বোধনী যাত্রায় নিজের সিরিজ মুক্তি পাওয়ায় খুশি পরিচালক।

গণমাধ্যমকে আবু হায়াত মাহমুদ বলেন, ‘বছরখানেক আগে সিরিজটি নির্মাণ করেছিলাম। গত জানুয়ারিতে ফ্রাইডে এটি কিনে নেয়। প্লাটফর্মটির উদ্বোধনীতেই আমার এ সিরিজ মুক্তি পেল, নিজের কাছে ভালোই লাগছে।’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা।

ভালোবাসা সিরিজের গল্প সম্পর্কে পরিচালক জানালেন, এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। মুম্বাই নগরীতে একটি পরিবারের দুজনের মৃত্যুকে কেন্দ্র করে এর গল্প এগিয়েছে। আবু হায়াত বলেন, ‘শুধু মৃত্যুই নয়, গল্পে তিন প্রজন্মের মানুষের প্রতি মানুষের ভালোবাসার পার্থক্যও তুলে আনা হয়েছে এখানে।’

সিরিজটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আদর আজাদ, নাদিয়া নদী প্রমুখ। এ সিরিজ নিয়ে মম বলেন, ‘এর গল্প খুব সুন্দর। শেষ পর্যন্ত সিরিজটি মুক্তি পেল। তাছাড়া এ প্লাটফর্মের মাধ্যমে সারা পৃথিবীর বাংলাভাষীরা দেখতে পাবে এটি। আমার জন্য অত্যন্ত আনন্দের খবর। আমি সবসময়ই ভালো গল্পে কাজ করতে চাই। আর নিজের ভালো গল্পের কাজ দর্শক দেখার সুযোগ পায়, এতে আমার আরাম লাগে।’