মুক্তির অপেক্ষায় রয়েছে ভারতীয় অভিনেত্রী প্রিয়ামণির সিনেমা ‘ময়দান’। তাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তার আগে প্রিয়ামণি ‘দক্ষিণ ভারতীয়’ অভিনয়শিল্পীদের নিয়ে নেতিবাচক ধারণা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘দক্ষিণ ভারতীয় অভিনেত্রীরা হয়তো বলিউডের অভিনেত্রীদের মতো চোখ ধাঁধানো ও ফর্সা নয়। কিন্তু তারা অন্য যে কারো চেয়ে কম সুন্দরীও নয়।’
প্রিয়ামণি তামিল, কন্নড়, মালয়ালম ও তেলেগু সিনেমায় নিয়মিত অভিনয় করেন। পাশাপাশি হিন্দি সিনেমায়ও রয়েছে তার বিস্তর কাজ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, কখনো কখনো বলিউড থেকে আমাদের এভাবে মূল্যায়ন করা হয়। তারা বলেন, এটা একটা দক্ষিণ ভারতীয় চরিত্র, তাই আপনাকে কাস্ট করতে চাই। তবে আমি মনে করি খুব শিগগির এ পরিস্থিতির পরিবর্তন হবে। যদিও আমরা দক্ষিণ ভারত থেকে এসেছি, তবুও আমার মনে হয় আমরা বেশ সাবলীলভাবে কথা বলতে পারি, আমরা সবার মতোই সুদর্শনা। এখানকার মেয়েদের মতো ফরসা ও সাদা না হতে পারি, কিন্তু আমার মনে হয় না তাতে কিছু যায় আসে।’
সম্প্রতি প্রিয়ামণির কর্মব্যস্ততা বেড়েছে। গত এক বছরে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম সিনেমায় অভিনয় করেছেন প্রিয়ামণি। ২০২৩ সালে এ অভিনেত্রীকে ‘কাস্টডি’, ‘জওয়ান’ ও ‘নেরু’র মতো সিনেমায় দেখা গিয়েছিল। এ বছর তিনি এরই মধ্যে ‘ভামাকালাপম-টু’ ও ‘আর্টিকেল ৩৭০’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। পাইপলাইনে আছে তামিল সিনেমা ‘কোটেশন গ্যাং’ ও কন্নড় সিনেমা ‘খাইমারা’। আর খুব শিগগির ময়দান মুক্তি পেতে যাচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










