মাবরুর রশীদ বান্নাহর পরিচলনায় নতুন একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও নায়মা আলম মাহা। নাম ভাই প্রেমে পড়ছে। এটি লিখেছেন রেজওয়াদুদ মাহিন। অভিনেতা আব্দুন নূর সজলের সঙ্গে এর আগেও বেশকিছু নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন অভিনেত্রী নায়মা আলম মাহা। তবে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন।
এরই মধ্যে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন এ দুই অভিনয়শিল্পী।
নতুন এ নাটক নিয়ে সজল বলেন, ‘এর আগেও মাহা আমার সঙ্গে নাটকে অভিনয় করেছেন। তবে এ সময়ের মাহা অভিনয়ে আগের চেয়ে অনেকটাই পরিণত। ভালো লেগেছে তার সঙ্গে কাজ করতে পেরে। আর বান্নাহ নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। বেশ গুছিয়ে কাজ করার চেষ্টা করেন সবসময়। এরই মধ্যে নাটকটিতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আরো সাড়া পাব। কারণ গল্পটা অন্য রকম।’
সজলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মাহা বলেন, ‘সজল ভাই আমাদের দেশের নাট্যাঙ্গনের একজন জনপ্রিয় ও গুণী অভিনেতা। তিনি ভীষণ ভালো মনের মানুষ ও সহযোগীপরায়ণ। তার সঙ্গে এ নাটকে অভিনয় করাটা আমার জন্য অনেক ভালো লাগা এবং নিজের অভিজ্ঞতা বাড়ানোর বিষয়।’
এদিকে মাহা অভিনীত ইমরাউল রাফাত পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘অদ্ভুত পরিবার’ একটি স্যাটেলাইট চ্যানেলে দেখানো হচ্ছে।










