দীপ্ত টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে দ্বিতীয়বারের মতো প্রদান করা হয়েছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড’। গতকাল সন্ধ্যা ৭টায় দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে আয়োজনটি করা হয়। পুরস্কার প্রদান উপলক্ষে সেখানে বসেছিল তারার মেলা। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্লাটফর্মে আলোচিত একক নাটকগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়েছে। ১৯টি ক্যাটাগরিতে দর্শক তার বিবেচনায় সেরা নাটক ও অভিনয়শিল্পীদের ভোট দিয়েছেন। এবারে দীপ্ত অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘আজীবন সম্মাননা’। এ বছরে ‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’তে ভূষিত হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত।
আজীবন সম্মাননা গ্রহণ করে আবুল হায়াত বলেন, ‘আজ পুরস্কার গ্রহণের মুহূর্তে মনে পড়ছে আমার প্রথম কাজের কথা। অনেক লম্বা একটা জার্নি। এই লম্বা সময়ে আমি সবার ভালোবাসা পেয়েছি। আমার পরিবার, বন্ধুবান্ধব, মিডিয়াকর্মী যারা আমার সঙ্গে ছিলেন, তারা সবাই এ পুরস্কারের ভাগীদার। আমি আমার এ অর্জন আমার স্ত্রী ও সন্তানদের উৎসর্গ করলাম।’
‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ একক নাটক বিভাগে তিনটি ভাগে পুরস্কার দেয়া হয়েছে। এর মধ্যে আলোচিত একক নাটক পুরস্কার পেয়েছে ‘অতিরিক্ত’, একক নাটকে সেরা পুরুষ অভিনয়শিল্পী নির্বাচিত হয়েছেন ফারহান আহমেদ জোভান এবং সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন সাবিলা নূর।
ধারাবাহিক নাটক বিভাগে তিনটি পুরস্কার ছিল। এতে পুরস্কার পেয়েছে ‘বকুলপুর’, অন্যদিকে ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য সেরা পুরুষ অভিনয়শিল্পী নির্বাচিত হয়েছেন শতাব্দী ওয়াদুদ (মাশরাফি জুনিয়র) এবং নারী অভিনয়শিল্পী নির্বাচিত হয়েছেন নাদিয়া আহমেদ (বকুলপুর), সেরা পার্শ্ব পুরুষ অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন আজিজুল হাকিম (বকুলপুর) এবং সেরা পার্শ্ব অভিনয়শিল্পী নারী হয়েছেন স্বর্ণলতা (বকুলপুর)।
দর্শক জরিপে ডিজিটাল প্লাটফর্মে একক নাটক বিভাগেও পুরস্কার পেয়েছে ‘ও আমার বোন না’, সেরা পুরুষ অভিনয়শিল্পী নির্বাচিত হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব, সেরা নারী অভিনয়শিল্পী নির্বাচিত হয়েছেন যৌথভাবে তাসনিয়া ফারিণ ও বিদ্যা সিনহা সাহা মীম।
আলোচিত ডাবিং সিরিয়াল পুরস্কার জিতেছে ‘জননী জন্মভূমি’, জেভদেত চরিত্রে কণ্ঠ দেয়ার জন্য সেরা পুরুষ কণ্ঠাভিনয় শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন দীপক সুমন, ফিলিজ এলিবোল চরিত্রে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠাভিনয় শিল্পীর খেতাব পেয়েছেন জয়শ্রী মজুমদার লতা। এছাড়া আলোচিত উপস্থাপক নির্বাচিত হয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা।










