বাপ, চোর পুলিশ, বাটওয়ারা, সাজিশ ও দুশমন দেবতার মতো হিট ছবি রয়েছে ধর্মেন্দ্র ও ডিম্পল কাপাডিয়ার ঝুলিতে। সামনে তাদের দেখা যাবে ভিন্নধর্মী একটি ছবিতে। অবশ্যই এর মাঝে রয়েছে লম্বা বিরতি, পাক্কা ৩১ বছর।

শহীদ কাপুর অভিনীত নতুন ছবিতে মুখোমুখি হবেন আশির দশকের আইকনিক জুটি ধর্মেন্দ্র-ডিম্পল। তাদের সঙ্গে থাকছেন হালের জনপ্রিয় তারকা কৃতি শ্যানন।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বর্তমানে রাজস্থানে ছবিটির শুটিং চলছে। ধর্মেন্দ্র একক দৃশ্যগুলো সম্পন্ন করেছেন আগে। এরপর যুক্ত হবেন ডিম্পল।

জয়সালমিরে গত ১৫ ডিসেম্বর থেকে এই ছবির শুটিং চলছে। এখন পুরো টিম রয়েছে মরুশহরটিতে। পরবর্তী দৃশ্যায়ন হবে উত্তর ভারতে।

জানা গিয়েছে, ফিউচারিসটিক ড্রামা ঘরানার এ ছবিতে কৃতিকে রোবটের চরিত্রে দেখা যাবে।

মাস কয়েক আগে ধর্মেন্দ্র শেষ করেছেন করণ জোহরের ছবি ‘রকি অর রানি কী প্রেম কাহানি’। হাতে আছে পুত্র সানি ও ববির সঙ্গে ‘আপনে ২’। শ্রীরাম রাঘবনের সঙ্গেও কাজ করতে চলেছেন শিগগিরই। অন্যদিকে ২৫ জানুয়ারিতে মুক্তি প্রতিক্ষীত ‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের ঊর্ধ্বতনের ভূমিকায় থাকছেন ডিম্পল কাপাডিয়া। রোমান্টিক-কমেডি ‘জাব খুলি কিতাব’-এর অন্যতম মুখও তিনি।