বলিউডের জনপ্রিয় পরিচালক আলি আব্বাস জাফর নতুন একটি অ্যাকশন-রোমান্স সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এ সিনেমায় অভিনয় করবেন শর্বরী ও আহান পান্ডে, যারা দুজনেই তরুণ প্রজন্মের দর্শকের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সাইয়ারা’ সিনেমার সাফল্যের পর আহান পান্ডে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। এদিকে শর্বরীও ১০০ কোটি টাকা আয় করা হিট সিনেমাতে কাজ করে প্রমাণ করেছেন যে তার অভিনয় দর্শককে সিনেমা হলে টানতে সক্ষম।
সূত্র আরো জানিয়েছে, ‘আলি আব্বাস জাফরের এ নতুন সিনেমা মূলত তরুণ দর্শকের জন্য তৈরি। যদিও গল্পের কেন্দ্রবিন্দুতে রোমান্স রয়েছে, তবু এতে থাকবে অ্যাকশন। বহু বছর পর নতুন ও তরুণ অভিনেতারা দর্শকের সামনে আসছেন নতুন কিছু নিয়ে।’
সিনেমাটি আদি চোপড়া ও আলি আব্বাস জাফরের পঞ্চম সিনেমা। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘গানডে’, ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এ।
সিনেমার পরিচালক আলি আব্বাসের মতে, ‘দর্শক ভালো সিনেমা দেখতে হলে আসে। সাইয়ারা সেটা প্রমাণ করেছে। দর্শক এখনো সিনেমাটি দেখতে হলে আসেন। দর্শক সাইয়ারা দেখতে দলে দলে আসে, যা বলিউডে নতুন দ্বার সৃষ্টি করেছে। এখন বড় পরিচালকরা তরুণ অভিনেতাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, কারণ এতে সফলতার সম্ভাবনা বেশি।’
তিনি আরো বলেন, ‘একটি ভালো প্রেমকাহিনীর জন্য ছেলেমেয়ে উভয় চরিত্রই সমানভাবে গুরুত্বপূর্ণ। আলির এ নতুন সিনেমায় আহান ও শর্বরী একসঙ্গে থাকবেন—এটি একটি নতুন ও আকর্ষণীয় জুটি, যা দর্শকের কৌতূহল আরো বাড়াবে।’
সিনেমাটির এখনো কোনো নাম দেয়া হয়নি। তবু দর্শক এরই মধ্যে নতুন জুটি আহান ও শর্বরীকে বড় পর্দায় দেখার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা










