গ্রেট ইন্ডিয়ান কপিল শো মুক্তি পেল নেটফ্লিক্সে। প্রথম এপিসোডে অতিথি ছিলেন রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর ও নীতু কাপুর। হাস্যোজ্জ্বল সে আলাপচারিতার মধ্য দিয়েই সদস্যরা কাপুর পরিবারের বেশকিছু তথ্য মেলে ধরেছেন। উঠে এসেছে কিছু ব্যক্তিগত বিষয়াবলি। আলাপকালে নীতু কাপুর, পুত্র রণবীরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। নীতুর দাবি অনুযায়ী, রণবীর একজন যথাযোগ্য পিতা। রণবীর নিজেও স্বীকার করেছেন পিতা হওয়ার পর তার বদলে যাওয়ার বিষয়টি। তবে নিজের পুত্রের এ পরিবর্তনের দিকে ইঙ্গিত করে নীতু বলেছেন, ‘বাবা হওয়ার পর রণবীর অনেকটাই বদলে গেছে। সে এখন অনেক বেশি খেয়াল রাখা স্বভাবের মানুষ। দারুণ একজন পিতা।’
কপিল শর্মার নিজেরও মেয়ে আছে। ফলে কন্যা সন্তানের বাবা হওয়ার অভিজ্ঞতা শোনার আগ্রহ চেপে রাখতে পারেননি। রণবীরের জবাবও ছিল স্পষ্ট। নিজেকে তিনি আশীর্বাদপুষ্ট মনে করেন। রণবীর বলেন, ‘এটা আর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। আমি শুটিং করতে চাই না, চাই না কোথাও যেতেও। কেবল বাসায় বসে থাকতে আর তার দিকে তাকিয়ে থাকতে চাই। এমনটা হবে, জীবনেও এটা মনে হয়নি। এখন বুঝতে পারি, আমাকে আর ঋদ্ধিমাকে নিয়ে মায়ের কেমন লাগত।’
কন্যা রাহার উপস্থিতিতে রণবীরের প্রতিক্রিয়া কেমন হয়, সেটাও ব্যাখ্যা করেছেন নীতু কাপুর। তিনি বলেন, ‘তার অনুভূতিগুলো সাধারণত চলচ্চিত্রের জন্য সংরক্ষিত। বাস্তব জীবনে প্রতিক্রিয়া অত বেশি না। কিন্তু যখন রাহা আসে, তখন তার মুখ ভরে উঠে নানা অভিব্যক্তিতে। সে উচ্ছ্বসিত হয়ে পড়ে। সত্যিই রণবীর দারুণ পিতা। আলিয়া দুর্দান্ত, কিন্তু রণবীরের জুড়ি নেই। আমি আমার জীবনে অনেক বাবা দেখেছি, কিন্তু রণবীরের মতো কাউকে দেখিনি। এমনকি তার নিজের বাবা ঋষি কাপুরের থেকেও সে বিপরীত। আমার স্বামী সন্তানদের সঙ্গে খুব বেশি ভালো ছিলেন না।’ রাহার ব্যাপারে আলোচনা করতে গিয়ে রণবীর বলেছেন, ‘রাহা শান্তি খুঁজে পায় আলিয়ার কাছে। মায়ের সঙ্গে সময় কাটাতেই বেশি আগ্রহী। কিন্তু আমি নিজেও রাহার কাছাকাছি থাকি।’
সূত্র ও ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস










