মুম্বাইতে শুরু হয়েছে অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত সিনেমা দৃশ্যম টু -এর শুটিং। গোয়াতেও সিনেমাটির কাজ হবে। ক্রাইম থ্রিলার ধারার এ সিনেমার সিক্যুয়ালে বিজয়ের ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি ছবি পোস্ট করেছেন বলিউড তারকা অজয় দেবগন।

দৃশ্যম টু সম্পর্কে কথা বলতে গিয়ে অজয় দেবগন বলেন, দৃশ্যম সবাই অনেক পছন্দ করেছিলো এবং সত্যি সিনেমাটি দুর্দান্ত। দৃশ্যম টু-এ নতুন একটি গল্প নিয়ে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। বিজয় একটি বহুমাত্রিক চরিত্র এবং তিনি পর্দায় আলাদা আকর্ষণ তৈরি করেন। পরিচালক অভিষেক নতুন করে এটা নিয়ে কাজ করছেন। আমি অধীর আগ্রহে পার্ট ২-এর জন্য অপেক্ষা করছি, রহস্য এবং চরিত্রগুলো মিলিয়ে সিনেমাটি দর্শকের মন জয় করবে বলে আশা করছি।

প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত, যিনি ২০২০ সালে মারা যান। পরে দৃশ্যম টু পরিচালনা করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অভিষেক পাঠক। তিনি বলেন,যেকোনো সিনেমার রিমেক করা একটি চ্যালেঞ্জ। অজয় দেবগন একজন সৃজনশীল ব্যক্তির অভিনেতা। আমরা আমাদের সেরা কাজ করার চেষ্টায় আছি, যাতে করে আবারো সিনেমাটি দর্শকদের মুগ্ধ করে। সিনেমার সেট, সংলাপ থ্রিলার বিষয়টি আরো জোরালো করবে।

এই সিনেমার প্রিক্যুয়ালে দেখানো হয়েছিলো একজন ইন্সপেক্টরের ছেলের হত্যাকাণ্ড কিভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে একটি পরিবার। 

প্রযোজক ভূষণ কুমার বলেন, দৃশ্যমে অজয় দেবগনের অভিনয় এবং দক্ষতা অবশ্যই দর্শকদের মুগ্ধ করেছে। উৎসাহ বজায় রেখে, আমরা এর সিক্যুয়েলের চিত্রায়ণ শুরু করতে পেরে আনন্দিত। এটির দর্শককে আরও বেশি আনন্দ দিবে কারণ এতে আরো বেশি সাসপেন্স, রহস্য এবং ড্রামা দেখতে পাবেন দর্শক।

২০১৫ সালে মুক্তি পেয়েছিলো প্রিক্যুয়েল দৃশ্যম। টাবু, শ্রিয়া শরণ এবং ঈশিতা দত্ত অভিনয় করেছিলেন এ সিনেমায়। সে সময়ে বক্স অফিসে সাড়া ফেলেছিলো সিনেমাটি।

সুত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস