ভারতের অযোধ্যায় উদ্বোধন হলো রাম মন্দির। বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা অংশ নিয়েছিলেন এ আয়োজনে। ছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বিষয়টি তারা নিয়েছেন উৎসবের মতো করে। আর উৎসব মানেই নতুন ও ভিন্ন ধারার পোশাক। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আলিয়াও সেজেছিলেন বিশেষ পোশাকে। তিনি মিনিমাম মেকআপ লুকে উপস্থিত হয়েছিলেন। কিন্তু নজর কাড়ে তার শাড়িটি। বালি হাঁস রঙের (টিল) শাড়িটি ছিল রামায়ণ থিমের। শাড়িতে ছিল রামায়ণের নানা ঘটনার নকশা। আর এ শাড়ি তৈরিতে সময় লেগেছিল ১০০ ঘণ্টা।
মহীশুর সিল্কের শাড়িটি তৈরি করেছে মাধুর্য ক্রিয়েশনস। এতে রামায়ণের বিশেষ কিছু দৃশ্য চিত্রিত হয়েছে। এ নিয়ে একটি পোস্ট করেছেন আলিয়ার স্টাইলিস্ট অমি প্যাটেল। তিনি নিজেও মাধুর্য ক্রিয়েশনসের একজন সহপ্রতিষ্ঠাতা। তিনিই জানিয়েছেন, পটচিত্রের ধারায় শাড়িটি চিত্রায়ণ করতে সময় লেগেছে ১০০ ঘণ্টা।
অমি তার পোস্টে লিখেছেন, ‘সাধারণ কিন্তু ঐতিহাসিক। আলিয়া ভাটের টারকোয়াজ ব্লু মহীশুর সিল্ক শাড়িটি তৈরি করেছে মাধুর্য ক্রিয়েশনস। এতে রামায়ণের গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য হাতে আঁকা হয়েছে।’
অমি জানিয়েছেন, এ শাড়ির আঁচলে আঁকা হয়েছে শিব ধনুকের ভেঙে যাওয়া, দশরথের শপথ, সোনালি হরিণ, সীতাহরণ, রামসেতু, সীতার কাছে রামের আংটি দেয়া ও রামের প্রত্যাভিষেক। তিনি আরো লিখেছেন, ‘প্রচলিত পটচিত্রের ধারায় আঁকা এ শাড়ির দৃশ্যগুলো শেষ করতে সময় লেগেছে ১০০ ঘণ্টা।’
এ শাড়ির সঙ্গে আলিয়ার ছিল ম্যাচিং ব্লাউজ ও পশমিনা শাল যার ব্র্যান্ড দুসালা।
সূত্র ও ছবি: ইয়ন










