বর্তমানে দেশে আন্তর্জাতিক ওটিটি মাধ্যমগুলোর পাশাপাশি দেশীয় ওটিটিগুলো কনটেন্ট দিয়ে দর্শক টানছে। দর্শকের আগ্রহ মাথায় রেখেই প্রতিনিয়ত ভিন্নধর্মী কনটেন্ট নিয়ে আসছে আমাদের দেশের ওটিটিগুলো। গত মাসের শেষে ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পেয়েছে তাদের প্রথম অরিজিনাল কনটেন্ট ‘আমি কী তুমি’। ‘পুনর্জন্ম’খ্যাত নির্মাতা ভিকি জাহেদ আট পর্বের সিরিজটি পরিচালনা করেছেন। ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও শ্যামল মাওলা। আমি কী তুমি সিরিজের গল্প এগিয়েছে প্যারালাল ইউনিভার্সকে কেন্দ্র করে। সিরিজে দেখানো আরেকটি ইউনিভার্স ‘সিগমা বাংলাদেশ’ নিয়ে অসংখ্য মন্তব্য আর আলোচনা চলছে নেট দুনিয়ায়। আমাদের দেশের কনটেন্টে প্যারালাল ইউনিভার্সের গল্প নিয়ে খুব একটা কাজ করা হয়নি।
ভিকি জাহেদ এর আগে একাধিক থ্রিলার দিয়ে দর্শকের মন জয় করেছেন। তার ওয়েব ফিল্ম ও সিরিজগুলো রহস্যে ঘেরা। আমি কী তুমির গল্প প্রসঙ্গে জানতে চাইলে এ নির্মাতা বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় ও কমফোর্ট জোন থ্রিলার। আমি কী তুমি সাই-ফাই ধাঁচের। সায়েন্স ফিকশন মানুষ দেখবেন কিনা, তা নিয়ে সংশয় তো ছিল। এটা সব মিলিয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল। কিন্তু এ গল্পের মূল দর্শনে আমি খুব বিশ্বাস করি। সে ভাবনাটায় আমি আমার গল্পটা বলতে চাচ্ছিলাম।’
পরিচালক জানান, ষষ্ঠ শ্রেণীতে থাকার সময় রকিব হাসানের বইয়ে প্যারালাল ইউনিভার্স নিয়ে জানি। সে থেকেই আগ্রহ। এরপর থেকে তিনি নিয়মিতই বিষয়টি নিয়ে পড়াশোনা করেন। আর ফলস্বরূপ দর্শক দেখতে পেল আমি কী তুমি সিরিজটি।
এ সিরিজে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তিথি চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী। রাহাত চরিত্রে জুনায়েদ বোগদাদি ও বিশেষ এক চরিত্রে শ্যামল মাওলা দারুণ অভিনয় করলেন।
‘আমি কী তুমি’ সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ নিয়ে জানতে চাইলে মেহজাবীন বলেন, ‘সিরিজটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি। সত্যি বলতে ওয়েব সিরিজটি স্ট্রিমিং শুরু হওয়ার আগে চিন্তায় ছিলাম। এটা নির্মাণ হয়েছে সায়েন্স ফিকশন, কিছুটা প্যারালাল ইউনিভার্সের গল্পে। কাজটা দর্শক কীভাবে দেখবেন সেটা নিয়ে ভাবনা ছিল। তবে মুক্তির পর দর্শকের এত প্রশংসা সব শঙ্কা দূর করে দিয়েছে।’
এ সিরিজে দ্বৈত চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়ে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘এখানে দেখানো হয়েছে দুজন মানুষ দুই জায়গায় থাকছে, তাদের জীবনসংগ্রামটা আলাদা। একই গল্পে দুই ধরনের চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং। তবে নির্মাতা ভিকি জাহেদ আমাকে অনেক সাহায্য করেছেন। শুটিংয়ের আগেই আমরা স্ক্রিপ্ট নিয়ে অনেক আলোচনা করেছি। শুটিং চলাকালীনও আমার ভাবনা তার সঙ্গে শেয়ার করেছি। আর আমি ইউনিটের সবার অনেক সাপোর্ট পেয়েছি।’
সিরিজের মূল চরিত্র তিথি নামের একজন মেয়ে। যার জীবনের একটাই লক্ষ্য আর তা হলো সিনেমার নায়িকা হওয়া। শহরে একের পর এক ঘটতে থাকা নারী হত্যা ও সিনেমায় কাজ করার ব্যাপারে পরিবারের চাপ কোনো কিছুই তার পথের কাঁটা হতে পারে না। কিন্তু একদিন রহস্যময় ক্রিস্টাল বৃষ্টির পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে তিথির জীবনে। শুধু তাই নয়, পুরো জীবনের মানেটাই বদলে যায় তিথির কাছে। ‘আমি কী তুমি’র এ সমান্তরাল জগতের গল্প নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। রহস্যঘেরা সিরিজটি নানা প্রশ্ন তৈরি করেছে দর্শকের কাছে, যেগুলো এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। অনেক দর্শক অপেক্ষা করছেন সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে।
তবে এ নিয়ে এখনো নীরব রয়েছেন নির্মাতা।










