আইয়ুব বাচ্চু রুপালি গিটার ফেলে ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবীর মায়া ত্যাগ করেন। তবে অসহায় মানুষের জন্য রেখে যান ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’। সে ফাউন্ডেশন এবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে দাঁড়াল।
‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’ থেকে এরই মধ্যে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করেছে। বিষয়টি এলআরবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আজ বড় বিপদ আমাদের। মানুষ ভেসে গেছে, জনপদ ভেসে গেছে। কিন্তু আমাদের বাঁচার স্বপ্ন ভেসে যায়নি। এ বদ্বীপে বন্যা আর আমাদের সম্পর্ক সুপ্রাচীন। আমরা সব থেকে শক্তিশালী হই দুর্যোগে। বানভাসি মানুষ এ পলির বুকে ফিনিক্স পাখির মতো জেগে উঠে বারবার। আমাদের সেই ১৯৯৮ সালের বন্যার স্মৃতির কথা মনে পড়ে। বাংলাদেশের শিল্পীরা বরাবরের মতো সম্মুখসারিতে দাঁড়িয়েছিল ত্রাণ তৎপরতাকে উজ্জীবিত করার তাগিদে। আইয়ুব বাচ্চুর স্মৃতি ভেসে আসছে বারবার। এমন দুর্যোগে কিছু একটা করার তাড়না তাকে তাড়িয়ে বেড়াত। একে ওকে ফোন দিয়ে জড়ো করে ফেলতেন। আমরা আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ এরই মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। খুব দ্রুত আরো কিছু ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা আপনাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ফ্রন্ট লাইনে দাঁড়ান।’
এ সময় ১৯৯৮ সালের বন্যায় আইয়ুব বাচ্চুর অবদানও তুলে ধরা হয়।










