বিশ্বে তুমুল জনপ্রিয় চরিত্র হ্যারি পটার। লেখিকা জে কে রাউলিংয়ের হাতে তার সূচনা। ১৯৯৭ সালে প্রকাশিত হয় ফ্যান্টাসি ঘরানার উপন্যাস হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন। সঙ্গে সঙ্গে সাড়া পড়ে যায় সারা দুনিয়ায়। ৮০টির বেশি ভাষায় অনূদিত হয়, প্রবেশ করে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের তালিকায়। এর মাধ্যমে যে নতুন জগৎ উন্মোচিত হয়, তার ধারাবাহিকতা চলতে থাকে পরবর্তী ছয় খণ্ডজুড়ে। ২০০১ সালে সিনেমায় রূপান্তরিত হলে বিপুল ব্যবসায়িক সফলতা পায় হ্যারি পটার। স্বাভাবিকভাবেই লেখিকা জে কে রাউলিং অর্জন করেন অসামান্য জনপ্রিয়তা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সমাদৃত হন ড্যানিয়েল র্যাডক্লিফ। তবে সম্প্রতি জে কে রাউলিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। রূপান্তরকামিতা ইস্যুতে লেখিকার নেতিবাচক মন্তব্যের বিরোধিতা করে জানিয়েছেন নিজের অবস্থান। সম্প্রতি লেখা খোলা চিঠিতে তিনি তার সিদ্ধান্ত জনসম্মুখে তুলে ধরেন।
হ্যারি পটারের মধ্য দিয়েই অভিনয় জগতে পরিচিতি পেয়েছেন র্যাডক্লিফ। ২০০১ সাল থেকে হ্যারি পটারের ফিল্ম সিরিজের সঙ্গে যুক্ত তিনি। দীর্ঘ সময়ে নানা শ্রেণীর মানুষের ভালোবাসা পেয়েছে হ্যারি পটার আর সংশ্লিষ্ট চরিত্রেরা। সেসব মানুষের মধ্যে রয়েছে রূপান্তরকামীরাও। জে কে রাউলিংয়ের মন্তব্যের জেরে তারা যেন আঘাত না পায়, সেজন্য সরাসরি তার বিরোধিতা করাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন এ অভিনেতা। তার ভাষায় হ্যারি পটারের সঙ্গে সংশ্লিষ্ট সবার বিশ্বাস এক রকম না।
২০২০ সালের জুনে টুইটারে করা জে কে রাউলিংয়ের কিছু মন্তব্য থেকেই মূলত সমালোচনার শুরু। তারপর নানা সময়ে উঠে এসেছে সেই প্রসঙ্গ। অনেকেই জানিয়েছেন হ্যারি পটার নিয়ে হতাশার কথা। ড্যানিয়েল র্যাডক্লিফ তাদের উদ্দেশ্য করেই দাবি করেন, জে কে রাউলিংয়ের মন্তব্য আদতে হ্যারি পটার টিমের মন্তব্য না। তার ভাষায়, ‘যারা হ্যারি পটার সিরিজের বইগুলো পড়ার মধুর অভিজ্ঞতা নষ্ট হয়ে গিয়েছে বলে ভাবছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ওই মন্তব্যগুলোর কারণে আপনারা যে কষ্ট পেয়েছেন তার জন্য দুঃখ প্রকাশ করছি। আশা রাখি, গল্পগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনো হারিয়ে যায়নি।’
হ্যারি পটার চলচ্চিত্রের আরো কয়েকজন অভিনেতা রাউলিংয়ের বিশ্বাসের বিপরীতে ড্যানিয়েল র্যাডক্লিফের সঙ্গে সুর মিলিয়েছেন। তাদের মধ্যে টম ফেলটনও রয়েছেন। হ্যারি পটার ফিল্ম সিরিজজুড়ে তাকে দেখা যায় ড্রাকো ম্যালফয় চরিত্রে। তার মতে, জে কে রাউলিং গল্পের নির্মাতা হলেও চলচ্চিত্রের সঙ্গে তার সম্পর্ক অতটা গভীর ছিল না। তার ভাষায়, ‘স্মরণ রাখা দরকার, তিনি গল্প তৈরি করলেও সিনেমা তৈরির অংশ ছিলেন না। তাকে খুব সম্ভবত আমি এক থেকে দুবার চলচ্চিত্রের সেটে দেখেছি।’
ড্যানিয়েল র্যাডক্লিফ বর্তমানে ‘উইয়ার্ড: দি এআই ইয়ানকোভিক স্টোরি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ৪ নভেম্বর সিনেমাটি আমেরিকার ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম দ্য রকু চ্যানেলে মুক্তি পাবে।
সূত্র: ভ্যারাইটি










