উলভারিন ফিরছে। তবে নতুন রূপে, নতুন সাজে। আর এ চরিত্রে যথারীতি থাকছেন হিউ জ্যাকম্যান। এবার তার গায়ে কমিক বইয়ের সেই ক্ল্যাসিক হলুদ ও নীল কস্টিউম আর দেখা যাবে ডেডপুলের সঙ্গে। আসন্ন ‘ডেডপুল থ্রি’ সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন উলভারিন হিউ জ্যাকম্যান ও ডেডপুল রায়ান রেনল্ডস। সম্প্রতি প্রকাশিত ‘ডেডপুল থ্রি’ সিনেমার প্রথম অফিশিয়াল ইমেজে দুজনকে পাশাপাশি দেখা গেছে। ‘লোগান’ ও ‘এক্স-ম্যান’ সিরিজ দেখে উলভারিনকে চেনা সিনেমাপ্রেমীদের কাছে তার এ সাজ নতুন লাগতে পারে। কিন্তু কমিক বইয়ে চিত্রিত উলভারিনকে যারা চেনেন, তাদের কাছে স্বাভাবিক মনে হবে। কিন্তু লোগানে মারা যাওয়া উলভারিন কীভাবে ফিরে আসবে! এ নিয়ে দর্শক-ভক্তদের মধ্যে স্বাভাবিক একটি কৌতূহল তো আছেই। তাদের উদ্দেশে কিছুটা ইঙ্গিত দিয়েছেন হিউ জ্যাকম্যান। তিনি জানিয়েছেন, লোগানের উলভারিনের সঙ্গে এ উলভারিনকে মেলানো ঠিক হবে না।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা ডেডপুল থ্রি। শন লেভি পরিচালিত সিনেমাটি ‘আর-রেটেড’ই থাকছে। সম্ভবত এটি মূলত উলভারিন ও ডেডপুলের সিনেমাই হতে যাচ্ছে। করন সোনি ও লেসলি উগামসও ফিরবেন। সোনিকে এক ট্যাক্সি চালক হিসেবে দেখা যাবে, যে ডেডপুলের ভক্ত। তার চরিত্রের নাম ডোপিন্ডার। আর উগাম ওয়েড উইলসনের (সিনেমায় ডেডপুলের প্রকৃত নাম) অন্ধ রুমমেট। এ দুই চরিত্র ডেডপুল ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোয় হাস্যরস ও আবেগ যোগ করেছে। চরিত্র দুটি আরো মনে করিয়ে দেয় যে সুপারহিরো ও ভিলেনের জগতে সাধারণ মানুষও থাকে।
ডেডপুল ও উলভারিনের সঙ্গে চমক হিসেবে আরো থাকবেন ইলেক্ট্রা। এর আগে ‘ডেয়ারডেভিল’ ও ‘ইলেক্ট্রা’ সিনেমায় এ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জেনিফার গার্নার। এবারো তিনিই থাকছেন।
ডেডপুল থ্রি সিনেমা নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা আছে। কমিক বইয়ে দেখা যাওয়া ডেডপুল ও উলভারিনের দারুণ বন্ধুত্ব পর্দায় চমৎকারভাবে চিত্রিত হতে পারে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রেনল্ডস ও জ্যাকম্যান জানিয়েছেন, কীভাবে তারা জুটিবদ্ধ হয়েছেন। ভ্যারাইটিকে রেনল্ডস বলেন, ‘আমি কেভিনের সঙ্গে কথা বলেছিলাম। ডেডপুল নিয়ে ভবিষ্যতে কী হতে পারে। আলোচনার একপর্যায়ে ডেডপুল-উলভারিন জুটি নিয়ে কিছু করা যায় কিনা সে কথা এল। ওই সময় এর কোনো সম্ভাবনা ছিল না। এখন এটি সম্ভব হয়েছে। এটি দারুণ কিছু হতে যাচ্ছে।’ ডেডপুল থ্রি আগামী বছর ৩ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে নির্মাতা। তবে এরই মধ্যে ভক্তরা সিনেমাটির মুক্তির প্রহর গুনছেন। সামাজিক যোগযোগের মাধ্যমে প্রশাংসা পাচ্ছে ডেডপুল থ্রির ফার্স্ট লুকের চমক।
সূত্র: ইয়ন










