ঈদে এসেছিল রাশিদ পলাশ নির্মিত ‘ময়ূরাক্ষী’। সিনেমাটি নিয়ে তেমন কোনো আলাপ ওঠেনি। তবে কিছু কিছু সিনেমাপ্রেমী এ সিনেমা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন। সিনেমা হলে ‘তুফান’-এর জনপ্রিয়তা ও অন্যান্য কারণে পেছনে পড়েছিল ময়ূরাক্ষী। এর মধ্যেই এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা রাশিদ পলাশ। আর এতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমার নাম ‘তরী’।

প্রথম সিনেমা ‘পদ্মপুরাণ’ দিয়ে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছিলেন রাশিদ পলাশ। দ্বিতীয় সিনেমা ময়ূরাক্ষী দিয়ে নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি। এবার নিজের নির্মাণ ও প্রজেক্টকে আরেক ধাপ এগিয়ে নিচ্ছেন। তরীতে ঋতুপর্ণার সংযুক্তি এরই অংশ। এ নিয়ে রাশিদ পলাশ বলেন, ‘ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি আমাদের চলচ্চিত্রে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর মধ্যে আমরা ঋতুপর্ণার সঙ্গে আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিক করে ফেলব।’

সিনেমা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন তিনি। নির্মাতা আরো জানান, সিনেমার কিছু অংশের শুটিং এরই মধ্যে হয়েছে রাজশাহীতে। বাকি অংশের শুটিং সেপ্টেম্বরে শুরু করার পরিকল্পনা আছে তার। সে অংশেই ঋতুপর্ণা শুট করবেন। শুটিংয়ের জন্য সেপ্টেম্বর নাগাদ তার ঢাকায় আসার কথা। 

সিনেমায় ঋতুপর্ণার চরিত্রটি ইন্টারেস্টিং। এ সিনেমায় ঋতুপর্ণাকে ঢাকার চলচ্চিত্রের একজন এক্সট্রা আর্টিস্টের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিনেমার অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন তা নিয়ে বেশি কিছু প্রকাশ করতে নারাজ রাশিদ পলাশ। তবে শিগগিরই অন্য শিল্পীদের নাম ঘোষণা করবেন বলেও জানান তিনি।

তরীর গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। পুণ্য ফিল্মসের ব্যানারে এ বছরই শুটিং-ডাবিং সম্পন্ন করে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

ঈদুল আজহায় ঢাকার একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাশিদ পলাশের ম‌য়ূরাক্ষী। ঢাকার মাল্টিপ্লেক্সে ভালো সাড়া না পেলেও বর্তমানে ঢাকার বাইরে এর প্রদর্শনী হচ্ছে। এছাড়া ‘রঙবাজার’ পলাশের আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।