আভিজাত্য কিংবা নিছকই শখ, যা-ই হোক না কেন গাড়ি কেনার বিষয়ে বরাবরই শৌখিনতার পরিচয় দেন বলিউড তারকারা। তাদের প্রত্যেকেরই রয়েছে নামিদামি ব্র্যান্ডের একাধিক গাড়ি। কেবল গাড়িই নয়, বেশ দুর্লভ বাইকের সংগ্রাহকও এসব তারকারা। কয়েকজন বলিউড তারকা এমন কিছু স্পোর্টস কার ও বাইকের সংগ্রহের বিস্তারিত নিয়ে এ আয়োজন—

শহিদ কাপুর

‘কবির সিং’ খ্যাত’ এ বলিউড তারকার গাড়ি প্রীতির পরিচয় মেলে তার ব্যক্তিগত পাঁচটি গাড়ির দিকে নজর বোলালেই। শুটিং শেষে কিংবা অবকাশে বাইক নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন এ অভিনেতা। কিন্তু শহরে তিনি তার দেড় কোটি রুপিরও বেশি মূল্যের জাগুয়ার এক্সকেআর-এস নেয়া পছন্দ করেন। এটি তার গ্যারেজে পার্ক করা সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে একটি। এছাড়া একটি সুপার-ফাস্ট বিএমডব্লিউ ৩১০ আর বাইকের গর্বিত মালিক অ্যামাজন সিরিজের সঙ্গে সদ্য চুক্তিবদ্ধ এ অভিনেতা। তবে এটি ১৫ লাখ রুপির হার্লে-ডেভিডসন ফ্যাট বয়ের সঙ্গে তুলনীয় হতে পারে না বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। বাইকটি ১৬৯০ সিসি ভি-টুইন ইঞ্জিনে চলে। অল্প সময়ে ভীষণ গতি তুলতে পারে এ দামি বাইকটি।

জন আব্রাহাম

বলিউডে বাইক প্রসঙ্গে যার নামটি সবার আগে চলে আসে তিনি হলেন জন আব্রাহাম। তার মুম্বাইয়ের বাড়িটির চেহারায় আভিজাত্য ও বিলাসবহুল ছাপ নিয়ে রাজত্ব করে আছে গ্যারেজের একাধিক বাইক। তার সংগ্রহে আছে একটি কাওয়াসাকি নিনজা জেডএক্স-১৪ আর, আগুনরঙা এপ্রিলিয়া আরএসভি ৪-এর মতো একাধিক বাইক। শুধু বাইক নয়, দুনিয়ার সেরা বাইক রেসারদের অটোগ্রাফযুক্ত অনেক হেলমেটও আছে জনের সংগ্রহে।

রণবীর সিং

‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে পা রাখা এ তারকা তিন বছর আগে নিজের জন্য একটি সাদা অ্যাসটন মার্টিন র্যাপিড এস কেনেন বলে জানা যায় ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সূত্রে। গাড়িটি মার্সিডিজ-বেঞ্জ জিএলএস, জাগুয়ার এক্সজেএল এবং রেঞ্জ রোভার ভোগের পাশাপাশি তার গ্যারেজে পার্ক করা থাকে। কার্টোকের মতে, রণবীরের সাদা অ্যাসটন মার্টিন র্যাপিড এস গাড়িটির ভারতীয় মূল্য প্রায় ৩ দশমিক ৯ কোটি রুপি।

বলিউড অভিনেতাদের গাড়ি ও বাইকের এ বিলাসিতার প্রতিযোগিতায় পিছিয়ে নেই ভারতীয় ক্রিকেটাররাও। বিলাসবহুল গাড়ির মালিকদের তালিকায় যার নাম সর্বাগ্রে প্রণিধানযোগ্য, তিনি হলেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক এমএস ধোনি। তার গ্যারেজ ঘুরলে দেখা যায় একটি দুর্দান্ত কাওয়াসাকি নিনজা এইচ ২ বাইক। এর সঙ্গে রয়েছে একটি কনফেডারেট এক্স ১৩২ হেলক্যাট। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস সূত্রমতে, এমএস ধোনিই হলেন ভারতের প্রথম ৩৫ লাখ রুপি মূল্যের বাইকের মালিক। কনফেডারেট এক্স ১৩২ হেলক্যাট বাইকটির দাম ২৭ লাখ রুপি। এটি দুনিয়ার অন্যতম ভারী বাইক।

ভারতে ল্যাম্বারগিনির চাহিদা আছে বেশ। একটি ল্যাম্বারগিনি হুরাকান ইভো কিনে দামি গাড়ি সংগ্রাহকদের তালিকায় নাম লিখিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডেয়া। এ গাড়িটির দাম ৩ দশমিক ৭ কোটি রুপি।

 

সূত্র: জিকিউ ইন্ডিয়া