জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের (২০২১) চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। গত মাসের শেষ দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে, যেখান থেকে জানা যায় এবারের বিজয়ীদের নাম। সরকারি অনুদানে নির্মিত ‘রাতজাগা ফুল’ সিনেমায় অভিনয়ের জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মীর সাব্বির, সিনেমাটির পরিচালকও তিনি। সাব্বিরের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলছেন মৃধা বনাম মৃধা সিনেমার সিয়াম আহমেদ। 

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে মীর সাব্বির বলেন, ‘শুরুতেই মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। রাষ্ট্র ও জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা যে আমাকে জাতীয়ভাবে সম্মান দিয়েছেন। রাষ্ট্রই আমার ওপর আস্থা রেখে আমাকে অনুদান দিয়েছিল সিনেমাটি নির্মাণের। ‌পুরো রাত জাগা ফুল টিমের প্রতি ভালোবাসা। আমার স্ত্রী-সন্তানদের প্রতি কৃতজ্ঞতা। পরিবার পাশে অনুপ্রেরণা হয়ে থাকলে তা কাজের স্পৃহা বাড়িয়ে দেয় অনেকাংশে।’ সংগীতশিল্পী মুহিনের প্রাপ্তি নিয়ে বলতে গিয়ে সাব্বির বলেন, ‘‌আমি মুহিনকে অভিনন্দন জানাই। তার কণ্ঠের গান আমার নিজেরও ভালো লাগে।’  

২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়কের পুরস্কার পেতে যাচ্ছেন কেএম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন। রাশীদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরাণ’ সিনেমার ‘‌শোনাতে এসেছি আজ’ গানের জন্য এ পুরস্কার উঠতে যাচ্ছে মুহিনের হাতে। 

এ নিয়ে মুহিন বলেন, ‘আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।  খবরটি শোনার পর থেকে আমার পুরো পরিবারে আনন্দের বন্যা বইছে। শ্রেষ্ঠ গায়ক হিসেবে সম্মান জানানোর জন্য ধন্যবাদ সম্মানিত জুরি বোর্ডকে, ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে। বিশেষ কৃতজ্ঞতা পরিচালক রাশীদ পলাশ ও গীতিকবি জামাল হোসেন ভাইকে। আমার বাবা-মায়ের জন্য আজ আমি এখানে। কৃতজ্ঞতা জানাই প্রিয় স্ত্রী ও সন্তানদের।’