ডেসপিকেবল মি ফোর মুক্তি পায় ৪ জুলাই। মুক্তির পরই ফ্র্যাঞ্চাইজির অন্য সিনেমাগুলোর মতো এটিও পেয়েছে অভাবনীয় সাড়া। সারা বিশ্ব থেকে এরই মধ্যে তুলে নিয়েছে ২৬ কোটি ৯৩ লাখ ডলার। ফিল্ম সিরিজের ধারাবাহিক এমন সফলতার জন্যই নতুন ঘোষণা এল পরিবেশক প্রতিষ্ঠান ইউনিভার্সাল ও প্রযোজনা প্রতিষ্ঠান ইলুমিনেশনের পক্ষ থেকে। ২০২৭ সালের ৩০ জুন মুক্তি পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা মিনিয়নস থ্রি।
মিনিয়নস ফিল্ম সিরিজের নতুন কিস্তির সবকিছুই এর মধ্যে ঠিকঠাক হয়ে গেছে। চিত্রনাট্য লিখবেন ব্রায়ান লিঞ্চ; পরিচালনা করবেন অস্কারজয়ী পরিচালক পিয়েরে কফিন। হলিউডের এ গুণী পরিচালক এর আগে ‘ডেসপিকেবল মি’র প্রথম তিন কিস্তি এবং মিনিয়নসের প্রথম কিস্তি পরিচালনা করেছেন। ডেসপিকেবল মি শুরু হওয়ার পর তিনি তাতে কণ্ঠও দিয়েছেন। আগের মতো এবারো সিনেমাটির প্রযোজনায় থাকবেন ইলুমিনেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান ক্রিস মেলেদান্দ্রি ও বিল রায়ান।
২০১০ সালে যাত্রা শুরু করে ডেসপিকেবল মি ও মিনিয়নস ফিল্ম সিরিজ। মুক্তির পর থেকেই অ্যানিমেশন সিনেমার মুকুটে তৈরি করে চলছে একের পর এক নতুন পালক। এখন পর্যন্ত বক্স অফিস থেকে ফিল্ম সিরিজটি ঝুলিতে তুলেছে ৫০০ কোটি ডলার। ২০২২ সালে নির্মিত ‘মিনিয়নস: দ্য রাইজ অব গ্রু’ মুক্তির প্রথম সপ্তাহে দখল করে রেখেছিল বক্স অফিসের শীর্ষস্থান। কেবল অভ্যন্তরীণ বাজার থেকেই সিনেমাটির আয় দাঁড়ায় ১২ কোটি ৫০ লাখ ডলার। পরে ডেসপিকেবল ফোর থেকে অভ্যন্তরীণ বাজারে আয় করেছে ১২ কোটি ২৬ লাখ ডলার। মুক্তির দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়েও সিনেমাটির গ্রাফ বক্স অফিসে ইতিবাচক। এদিকে ১৪ বছর ধরে ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট তাদের সিনেমায় অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখে চলছে। তাদের ব্যানারেই মুক্তি পাওয়া ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস’ ফ্র্যাঞ্চাইজি সিরিজটি বক্স অফিস থেকে সাকুল্যে তুলে নিয়েছে ১ হাজার কোটি ডলার। ডেসপিকেবল টু ও ডেসপিকেবল থ্রি—দুটি সিনেমাই বক্স অফিস থেকে আয় করেছে ১০০ কোটি করে।
হলিউডের অভিনেতাদের আন্দোলন শেষ হয়েছে এক বছরও হয়নি। এর মধ্যেই অ্যানিমেশন সিনেমা বক্স অফিসগুলোয় চমক দেখাতে শুরু করেছে। এর আগে ইনসাইড আউট টু মুক্তি পায়। মুক্তির দ্বিতীয় সপ্তাহে পা রাখতে না রাখতেই কেবল অভ্যন্তরীণ বাজারেই টিকিট বিক্রি হয়েছে ২৮ কোটি ৩০ লাখ ডলারের। ফলে আগামী দিনগুলোকেও অ্যানিমেশন সিনেমার জন্য সম্ভাবনাময় বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










