দীপিকা পাড়ুকোনের মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। অভিনেত্রী থাকবেন বাফটার মঞ্চে। সম্প্রতি বাফটা (ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) অ্যাওয়ার্ডে তিনি প্রেজেন্টার হিসেবে থাকছেন। দীপিকা বাফটার ট্রফি তুলে দেবেন কোনো এক পুরস্কার বিজয়ীর হাতে। এ সুযোগ যেকোনো তারকার জন্যই সম্মানের। দীপিকার সঙ্গে প্রেজেন্টার হিসেবে থাকবেন কেট ব্ল্যানচেট, ডেভিড বেকহ্যাম, দুয়া লিপা প্রমুখ।

প্রতিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই পুরস্কার তুলে দেন নিজ নিজ অঙ্গনে সফল ও সম্মানিত ব্যক্তিরা। এর মধ্যে অস্কার বা বাফটা অন্যতম সম্মানের পুরস্কার। সেখানে পুরস্কার পাওয়া যেমন সম্মানের, পুরস্কার দেয়াও তেমনি সম্মানের। আগামী রোববার আয়োজন হতে যাচ্ছে বাফটা ও গতকাল জানানো হয়েছে কয়েকজন প্রেজেন্টারের নাম। সবাইকে এখনো চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হওয়া তারকাদের মধ্যে একজন দীপিকা। খবরটি তিনি নিজেই প্রকাশ করেছেন ভক্তদের কাছে। বাফটার ওয়েবসাইটের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়ে তিনি লিখেছেন, ‘কৃতজ্ঞতা’।

দীপিকা পাড়ুকোন এরই মধ্যে আন্তর্জাতিক মহলে বেশ প্রশংসিত ও পরিচিত। ২০২৩ সালে তিনি অস্কারের মঞ্চেও ছিলেন প্রেজেন্টার হিসেবে। নাটু নাটু গত বছর সেরা মৌলিক গানের পুরস্কার পায়। এ পুরস্কার দীপিকাই তুলে দিয়েছিলেন নাটু নাটু টিমের হাতে। এছাড়া ফুটবল বিশ্বকাপের ট্রফি তিনি উন্মোচন করেছিলেন কাতারের লুসাইল স্টেডিয়ামে।

দীপিকা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটারে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন সিনেমাটি মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। অনেক প্রত্যাশা থাকলেও সিনেমাটি তা পূরণ করতে পারেনি। আড়াইশ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে সারা বিশ্ব থেকে মোট আয় করেছে ৩২৫ কোটি রুপি।

সূত্র: হিন্দুস্তান টাইমস