নাট্যাচার্য সেলিম আল দীনের পাঁচালি নাটক ‘প্রাচ্য’। নাটকটি দুই যুগ আগে ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়েছিল ঢাকা থিয়েটারের প্রযোজনায়। তারো বেশ ক’বছর পর চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট মূকাভিনয়ে মঞ্চস্থ করেছিল নাটকটি। একই নাটক এবার তামিমা সুলতানার চিত্রভাষায় ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ শিরোনামে প্রদর্শন হচ্ছে ঢাকার আর্ট গ্যালারি কলা কেন্দ্রে।
ঢাকা থিয়েটারের আয়োজনে গতকাল বিকাল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনী দিনে অতিথি ছিলেন শিল্পী আবুল বারক আলভি ও শিল্পী নিসার হোসেন। ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ প্রদর্শনীর কিউরেটর হিসেবে রয়েছেন যথাক্রমে নাট্যাচার্য্যের শিল্পবন্ধু নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও চিত্রশিল্পী আফজাল হোসেন। এ প্রদর্শনী চলবে আগামী ৩ মে পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।
শিল্পী তামিমা সুলতানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর সম্পন্ন করেন ২০১২ সালে। ২০১১ সালে তিনি তার ইনস্টিটিউটের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবেও পুরষ্কারপ্রাপ্ত হন। তামিমা ২০০০ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণপদক অর্জন করেছিলেন। প্রদর্শনীটি সম্পর্কে শিল্পী তামিমা জানান, দ্বৈতাদ্বৈতবাদী ধারণায় আকৃষ্ট হয়ে তিনি শিল্পের নব রস আস্বাদনে ক্যানভাস থেকে ক্যানভাসে ঘুরে বেড়িয়েছেন। তিনি বলেন, ‘করোনাকালে ছবি আঁকার বিষয়ে মনোযোগী হই ও পরবর্তী দুই বছরের নিরবচ্ছিন্ন সাধনায় কাজটি সম্পন্ন করেছি। আমি আশাবাদী চিত্রকলায় এ ধরনের কাজে নতুন প্রজন্মের শিল্পীরা যুক্ত হয়ে শিল্পের আরো নব দিগন্ত উন্মোচন করবে।’
প্রদর্শনী সম্পর্কে শিল্পী তামিমা হোসেন বলেন, ‘প্রাচ্য নাটকে বর্ণিত জীবনবোধ, যাপিত জীবন, মানবিক সম্পর্কের টানাপড়েন, শ্রেণী পরম্পরা, বাঙালি জীবনের বিস্তার ও বৈচিত্র্য, সর্বোপরি নিজস্ব উপলব্ধির ভেতরকার রসায়ন আমাকে এ সিরিজ কাজ করার প্রণোদনা জুগিয়েছে।’










