অজয় দেবগনের সঙ্গে ‘অরো মে কাহা দম থা’ নিয়ে সিনেমা হলে হাজির আছেন টাবু। রোমান্টিক গল্পের সিনেমাটি দর্শক-সমালোচকদের সমাদরও পাচ্ছে। এ সময় টাবু জানালেন, বলিউডে নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য নিয়ে প্রশ্ন শুনতে শুনতে তিনি ক্লান্ত। আজকাল এ ধরনের প্রশ্নে বিরক্ত হন। খবর হিন্দুস্তান টাইমস।

জাতীয় পুরস্কারজয়ী টাবু এক সাক্ষাৎকারে জানান, এই একই প্রশ্ন শুনে শুনে তিনি ক্লান্ত। বরং যারা পুরুষ অভিনেতাদের বেশি পারিশ্রমিক দিচ্ছেন, তাদের দিকে এ প্রশ্ন ছুঁড়ে দেয়া উচিত।

টাবু বলেন, প্রত্যেক সাংবাদিক একজন নারীর কাছে পারিশ্রমিকের সমতা নিয়ে প্রশ্ন করেন। তারা শুধু অভিনেত্রীদের জিজ্ঞাসা করবেন, ‘আপনি জানেন যে একজন পুরুষকে বেশি পারিশ্রমিক দেয়া হয়, আপনাকে কম দেয়া হয়।’ আপনি যদি জানেনই, তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন?

সঙ্গে যোগ করেন, যারা অভিনেতাদের বেশি টাকা দিচ্ছেন তাদের জিজ্ঞেস করছেন না কেন? আমি কীভাবে এই প্রশ্নের উত্তর দেব? যদি না আপনি শুধু এ বলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে চান, ‘আমি এটি ঘৃণা করি যে আমাকে কম পারিশ্রমিক দেয়া হচ্ছে’, এটুকুই। আমি এটা বলতে পারি, ‘আমাকে যা দেয়া হচ্ছে তাতে আমি সন্তুষ্ট। আপনি কেন পুরুষ অভিনেতাকে জিজ্ঞাসা করছেন না যে, আপনি কেন বেশি পারিশ্রমিক পাচ্ছেন?’

নিরাজ পাণ্ডে পরিচালিত ‘অরো মে কাহা দম থা’ অজয় দেবগন-টাবু জুটির ১০ নম্বর সিনেমা। এ দুই অভিনেতা বরাবরই ভালো বন্ধু হিসেবে পরিচিত। এ জুটিকে এর আগে দেখা যায় ‘ভোলা’ সিনোময়।

‘অরো মে কাহা দম থা’ এক প্রেমিক জুটির দুই সময়ের গল্প নিয়ে নির্মিত। এতে অজয় ও টাবুর তরুণবেলার চরিত্রে অভিনয় করেন শান্তনু মহেশ্বরী ও সাই মাঞ্জরেকর।