পারসা ইভানা ও নীলাঞ্জনা নীলা, মিডিয়ায় কাজ করতে এসেই দুজনের পরিচয়। পারসা ইভানার মিডিয়ায় পেশাগতভাবে যাত্রা শুরু চ্যানেল আই আয়োজিত ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মধ্য দিয়ে। অন্যদিকে নীলাঞ্জনা নীলার মিডিয়ায় যাত্রা শুরু চ্যানেল আই আয়োজিত ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে। ইভানা নাচে ও অভিনয়ে বেশ পারদর্শী। অন্যদিকে মডেলিংয়ে ও অভিনয়ে বেশ ব্যস্ত নীলাঞ্জনা নীলা। দুই বন্ধুর একসঙ্গে পথচলার এক দশকে এবারই প্রথম দুজন একসঙ্গে একই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত হয়েছেন। রোজার মধ্যেই রাজধানীর ঢাকায়ই আয়োজিত পঞ্চম ‘বাংলাদেশ ওমেন্স ইন্সপিরেশন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে একজন সেরা নৃত্যশিল্পী ও সেরা অভিনেত্রী হিসেবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন পারসা ইভানা। অন্যদিকে অভিনয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন নীলাঞ্জনা নীলা। পারসা ইভানা বলেন, ‘২০১৫ সাল থেকে নীলাঞ্জনা নীলার সঙ্গে আমার বন্ধুত্ব। সে হিসেবে আমাদের চমৎকার বন্ধুত্বের পথচলার এক দশক চলছে। এ এক দশকে এবারই প্রথম আমরা দুই দোস্ত একসঙ্গে একই মঞ্চে নিজেদের সেরা কাজের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছি। বিষয়টা আমার কাছে সত্যিই ভীষণ ভালো লেগেছে। কারণ এর আগে আমি সিজেএফবিসহ আরো অন্যান্য বেশ কয়েকটি সংগঠন থেকে পুরস্কৃত হয়েছি। কিন্তু এ পুরস্কার আমার কাছে একটু অন্য রকম ভালো লাগার। কারণ একই আয়োজনে আমি আমার দোস্ত নীলাঞ্জনা নীলাসহ সম্মানীত হয়েছি। ধন্যবাদ আয়োজকদের যারা আমাদের সম্মানীত করেছেন, আমাদের সুন্দর মুহূর্তের মুখোমুখি করেছেন।’ নীলাঞ্জনা নীলা বলেন, ‘আমাদের দুই বন্ধুর একসঙ্গে পথচলার সুন্দর সময়ে একই সঙ্গে একই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হাতে মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে।’