জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং চলচ্চিত্র, নাটক নির্মাতা ও কাহিনীকার মীর সাব্বির। এবার তিনি আনছেন একটি নতুন নাটক। মীর সাব্বিরের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী রোদেলা মির্জা। নাটকের নাম ‘বিটার সুইট’। নাটকের রচয়িতা আবীর ফেরদৌস। এর আগে মীর সাব্বিরের সঙ্গে বিভিন্ন নাটকে অভিনয় করলেও এবারই প্রথম সজল তার পরিচালনায় কোনো নাটকে অভিনয় করলেন। অন্যদিকে রোদেলার ক্ষেত্রেও ঠিক তাই।
রোদেলাকে সহশিল্পী হিসেবে কয়েকটি নাটকে পাওয়ার পর মূলত সাব্বিরের আগ্রহেই তাকে এ খণ্ড নাটকে কাস্ট করা হয়েছে। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। তবে এতে মীর সাব্বির অভিনয় করেননি। তিনি জানান, নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে ও এরপর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
‘বিটার সুইট’ নাটক প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমি মূলত অভিনেতা। তবে পরিচালনাও দারুণ উপভোগ করি। ঠিক তেমনি একটি উপভোগ্য কাজ করলাম সজল ও রোদেলাকে নিয়ে। সজল নিঃসন্দেহে খুব ভালো একজন অভিনেতা। গল্পের প্রয়োজনেই তাকে নেয়া।’ নতুনদের সুযোগ দেয়ার ক্ষেত্রেও মীর সাব্বির ইতিবাচক মনোভাব রাখেন। তাদের কাস্ট করা ও রোদেলার অভিনয় নিয়ে তিনি বলেন, ‘রোদেলা নতুন হিসেবে অভিনয়ে বেশ ভালো করছে। নতুনদের তো আমাদেরই সুযোগ সৃষ্টি করে দিতে হবে। রোদেলার আগামীটা আমার কাছে মনে হচ্ছে বেশ উজ্জ্বল।’
নাটকটি নিয়ে সজল বলেন, ‘অভিনেতা হিসেবে সাব্বির ভাই অনবদ্য। তবে আমার কাছে মনে হয় পরিচালনার জায়গায় তিনি আরো অনেক বেশি স্ট্রং। তিনি এমনই একজন পরিচালক যিনি খুঁটিনাটি সব বিষয়েই গাইড করতে পারেন, যা একজন শিল্পীর অভিনয় করাটাকে অনেক সহজ করে দেয়। রোদেলা নতুন হিসেবে ভালো করেছে।’
রোদেলা মির্জা বলেন, ‘পরপর দুটি কাজ সাব্বির ভাইয়ার সঙ্গে করার পর ভাইয়ার আগ্রহেই এ নাটকে আমার কাজ করার সুযোগ হলো। সাব্বির ভাইয়ার পরিচালনা, সঙ্গে আবার সহশিল্পী সজল ভাই, দুটো বিষয় মিলিয়ে নিজেকে বেশ লাকি মনে হচ্ছে। আমি কৃতজ্ঞ সাব্বির ভাইয়ার কাছে আমাকে এভাবে সুযোগ দেয়ার জন্য। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি তা দর্শকই ভালো বলতে পারবেন।’










